ঢাকা ও চট্টগ্রামে বড় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৫৫ পয়সা ও মিনিবাসের ভাড়া এক টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত এ ভাড়া গেজেট নোটিফিকেশন প্রকাশের পর কার্যকর হবে।সিএনজি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যাত্রীবাহী বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণে আজ সোমবার বিকেলে যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে সভাপতিত্ব করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, যোগাযোগসচিব মোজাম্মেল হক খান, বিআরটিএর চেয়ারম্যান, সড়ক পরিবহনের নেতারাসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।ঢাকা ও চট্টগ্রাম শহরে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রতি কিলোমিটারে সাত টাকা থেকে বাড়িয়ে সাড়ে সাত টাকা করা হয়েছে। এ ছাড়া বিরতিকালের জন্য এক টাকা ২৫ পয়সা থেকে এক টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়। সিএনজিচালিত অটোরিকশার সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা।