বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বড় বিদ্যুৎকেন্দ্র (বেইজলোড প্ল্যান্ট) স্থাপনের উদ্যোগ পিছিয়ে পড়েছে। সরকার স্বল্প ও মধ্যম মেয়াদে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে অধিক মূল্যের কুইক রেন্টাল, ভাড়াভিত্তিক ও একাধিক পিকিং বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে। এর মধ্যে ৬৮২ মেগাওয়াট উৎপাদনও শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বেসরকারি খাতে একটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনেরও চূড়ান্ত চুক্তি হয়নি। সরকারি খাতের অবস্থাও প্রায় একই রকম। এই খাতে শুধু হরিপুরে ৩৬০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত ২০ মার্চ।ক্ষেত্রবিশেষে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রক্রিয়াগত জটিলতা পিছিয়ে পড়ার প্রধান কারণ বলে সরকারি-বেসরকারি সূত্রে জানা গেছে। বড় বিদ্যুৎকেন্দ্রগুলোই যেকোনো দেশের বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এসব কেন্দ্রের ওপরই নির্ভর করে বিদ্যুৎ উৎপাদনের স্থিতিশীলতা, দামের সাশ্রয়, কারিগরি সিস্টেম লস কমানো প্রভৃতি।বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন পিছিয়ে পড়া সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বড় প্রকল্পগুলো বাস্তবায়নের বিষয়ে প্রতি সপ্তাহে একটি করে সভা করা হয়। ছোটখাটো কিছু সমস্যা এসব প্রকল্পের ক্ষেত্রে আছে। সেগুলো সমাধান করার চেষ্টা সব সময়ই চলছে। কয়েকটি কেন্দ্রের চূড়ান্ত চুক্তির খসড়া সপ্তাহ খানেকের মধ্যেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগামী মাসের (এপ্রিল) মধ্যে এসব কেন্দ্রের চুক্তি চূড়ান্ত করা যাবে।তবে অন্যান্য সূত্র জানায়, কয়েকটি কেন্দ্র স্থাপনের প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রক্রিয়াগত জটিলতা এমন পর্যায়ের যে সেগুলোর বাস্তবায়ন কবে সম্ভব হবে কিংবা আদৌ সম্ভব হবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে।ঘোড়াশাল: বর্তমান সরকার মোট ৮২০ মেগাওয়াট ক্ষমতার ১০টি পিকিং বিদ্যুৎকেন্দ্র (সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য) স্থাপনের যে উদ্যোগ নিয়েছিল, তার একটি হচ্ছে ঘোড়াশাল ২০০ থেকে ৩০০ মেগাওয়াট ক্ষমতার এই পিকিং কেন্দ্রটি। ইতিমধ্যে অন্য নয়টি প্রকল্পের নির্মাণকাজ অনেক দূর এগিয়ে গেলেও ঘোড়াশাল কেন্দ্রটির দরপত্র প্রক্রিয়াই শেষ করা যাচ্ছে না। এর কারণ হিসেবে বিদ্যুৎ খাতের কাজে সম্পৃক্ত একজন প্রভাবশালী মন্ত্রী এবং তাঁর আরও প্রভাবশালী রাজনৈতিক খুঁটির হস্তক্ষেপের কথা জানা গেছে। এই কেন্দ্রটির জন্য প্রথমবার আহূত দরপত্রে কোনো যোগ্য (রেসপনসিভ) দরদাতা পাওয়া যায়নি। দ্বিতীয় দরপত্রে তিনটি চীনা কোম্পানি অংশ নেয়। দরপ্রস্তাব মূল্যায়ন শেষে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উত্থাপনের সময় সর্বনিম্ন দরদাতার বিরুদ্ধে পরিকল্পনা কমিশনের কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটে (সিপিটিইউ) অনভিজ্ঞতার অভিযোগ তোলে অন্য কোম্পানি দুটি।বিধান অনুযায়ী সিপিটিইউ অভিযোগকারী কোম্পানি দুটিকে চিঠি দেয় বিষয়টি সম্পর্কে সরাসরি শুনানির জন্য উপস্থিত হতে। কিন্তু চিঠি পেয়ে ওই দুটি কোম্পানির পক্ষ থেকে সিপিটিইউকে জানানো হয় যে তারা এ রকম কোনো অভিযোগ করেনি। পরে জানা যায়, কোম্পানি দুটির প্যাড কৌশলে সংগ্রহ করে পূর্বোক্ত প্রভাবশালীরা সিপিটিইউতে অভিযোগ করেছিলেন। কারণ, ওই দরপত্রের সময় তাঁরা যে কোম্পানির স্থানীয় প্রতিনিধি ছিল, সেটি সর্বনিম্ন দরদাতা হতে পারেনি। তাই দরপত্র প্রক্রিয়াটি ভণ্ডুল করাই ছিল তাঁদের উদ্দেশ্য।কিন্তু সেই উদ্দেশ্য বানচাল হওয়ার পর প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ওঠে। এবার ক্রয় কমিটিতেই সরাসরি আপত্তি তোলেন একজন মন্ত্রী। এ অবস্থায় ক্রয় কমিটির ওই সভায় সর্বনিম্ন দরপ্রস্তাবটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা না হলেও কয়েক দিনের মধ্যে প্রস্তাবটি বাতিল করার চিঠি ইস্যু করা হয়।এরপর তৃতীয়বারের দরপত্রে মোট ছয়টি কোম্পানি অংশ নেয়। এর মধ্যে তিনটি অযোগ্য বিবেচিত হয়। বাকি তিনটির মধ্যে চীনের সিএনটিআইসি ও সিএমসির যৌথ দরপত্রকে সর্বনিম্ন দেখিয়ে পিডিবি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। কিন্তু মন্ত্রণালয় পরীক্ষা করে দেখতে পায়, দরপত্রের বিধান উপেক্ষা করে মূল্যায়ন কমিটি কোম্পানিটির কাছ থেকে একটি বিষয়ের (নিট হিট রেটের স্থলে গ্রস হিট রেটের) ব্যাখ্যা নিয়ে সেটি ধরে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে সর্বনিম্ন দরদাতা বানিয়েছে। এ ক্ষেত্রেও ওই প্রভাবশালী মহলটি মূল্যায়ন কমিটিকে প্রভাবিত করেছে।এ অবস্থায় মন্ত্রণালয় কোম্পানিটিকে অযোগ্য ঘোষণার সুপারিশ পাঠায় ক্রয় কমিটিতে। সুপারিশপত্রে মন্ত্রণালয় আরও বলে, যে পরিপ্রেক্ষিতে ঘোড়াশালে ওই পিকিং কেন্দ্রটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখন আর তা বিরাজমান নেই। তাই ওই প্রকল্প সম্পূর্ণ বাতিল করে ঘোড়াশালে ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াটের একটি কম্বাইন্ড সাইকেল কেন্দ্র করা হবে।কিন্তু বিস্ময়করভাবে ক্রয় কমিটি মন্ত্রণালয়ের ওই সুপারিশ প্রত্যাখ্যান করে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা কোম্পানিটিকেই সর্বনিম্ন দরদাতা হিসেবে দেখিয়ে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে আবার সভার কার্যবিবরণী থেকে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।মন্ত্রণালয় সূত্র জানায়, এসবই ঘটেছে রাজনৈতিক প্রভাবশালীদের তৎপরতায়। সর্বশেষ অবস্থা হলো, ক্রয় কমিটি থেকে এখন বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলা হবে তাদের পূর্বোক্ত সুপারিশের যথার্থতা ব্যাখ্যা করে প্রস্তাবটি পরবর্তী সভায় উপস্থাপন করতে।সিদ্ধিরগঞ্জ: বিশ্ব ব্যাংকের অর্থায়নে সিদ্ধিরগঞ্জে প্রতিটি ১৫০ মেগাওয়াটের দুটি পিকিং ইউনিট (মোট ৩০০ মেগাওয়াট) স্থাপনের এই প্রকল্পটি ২০০২ সালের। কিন্তু নানা টালবাহানার কারণে প্রথম দরপত্র আহ্বান করা হয় বর্তমান সরকারের আমলে, ২০০৯ সালে। এতে স্পেনের দুটি এবং চীনের চারটিসহ মোট আটটি কোম্পানি অংশ নেয়।দরপত্রের শর্ত অনুযায়ী কোনো কোম্পানির নিজ দেশের বাইরে ৩০০ মেগাওয়াট কেন্দ্র স্থাপনের অভিজ্ঞতা না থাকলে তারা এই কাজের জন্য যোগ্য নয়। এই বিধানে স্পেনের কোম্পানি দুটির দরপ্রস্তাব বাতিল হয়ে যায়।অপরদিকে চীনের একটি কোম্পানি সর্বনিম্ন দরদাতা হয়। সেটিসহ দরপত্রে অংশ নেওয়া চীনের চার কোম্পানিই প্রকল্পের জন্য সিমেন্সের যন্ত্রপাতি দেওয়ার প্রস্তাব করে। কিন্তু অন্য একটি দেশে বিশ্ব ব্যাংকের অর্থায়িত প্রকল্পে দুর্নীতির সঙ্গে সিমেন্সের জড়িত থাকার অভিযোগ থাকায় বিশ্ব ব্যাংক তাদের অর্থায়িত কোনো প্রকল্পে সিমেন্সের যন্ত্রপাতি গ্রহণ না করার নীতিগত অবস্থান নেওয়ায় চীনা কোম্পানির সব প্রস্তাব বাতিল করতে হয়।গত বছর সেপ্টেম্বরে দ্বিতীয়বার আহূত দরপত্রে পিকিং কেন্দ্রের পরিবর্তে সিদ্ধিরগঞ্জে ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াটের কম্বাইনড সাইকেল কেন্দ্র করার জন্য দরপ্রস্তাব চাওয়া হয়। এবার দরপত্র জমা দেয় শুধু স্পেনের পূর্বোক্ত কোম্পানি দুটি। কিন্তু দরপত্রের শর্ত অনুযায়ী তারা বিদেশে এত বড় প্রকল্প বাস্তবায়নের জন্য যোগ্য বিবেচিতই নয়।এ অবস্থায়, বিদ্যুৎ মন্ত্রণালয় দরপত্রের ওই শর্ত শিথিল করার জন্য প্রায় এক মাস আগে বিশ্ব ব্যাংকের কাছে প্রস্তাব পাঠিয়েছে। বিদ্যুৎসচিব জানান, এখন পর্যন্ত সেখান থেকে কোনো জবাব পাননি। তবে প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ (ইজিসিবি) পুনরায় দরপত্র আহ্বানের প্রস্ততি নিয়ে রেখেছে। পুনঃ দরপত্র আহূত হলে কোম্পানিগুলোর অভিজ্ঞতার শর্ত শিথিল করা হতে পারে।তার আগে অবশ্য স্পেনের কোম্পানির দরপ্রস্তাব বাতিল না করার জন্য সরকারি দলের একজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য তৎপর আছেন। তিনি এ দেশে স্পেনের কোম্পানির প্রতিনিধিত্ব করছেন বলে জানা যায়। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো চুক্তিপত্র নেই।এই প্রকল্পটি সম্পর্কে বিদ্যুৎসচিব বলেন, যেহেতু অনেক সময় চলে গেছে তাই কিছু শর্ত শিথিল করেও কাজটি হলে ভালো হয়, এমন একটি অভিমত সরকারের রয়েছে। তবে এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।বিবিয়ানা-মেঘনাঘাট: বিবিয়ানা ও মেঘনাঘাটে প্রতিটি ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াটের মোট তিনটি কেন্দ্র স্থাপনের প্রক্রিয়াও থমকে গেছে। এই কেন্দ্রগুলো স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল গত ডিসেম্বরের মধ্যভাগে। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি।জানা গেছে, বিবিয়ানার কেন্দ্র দুটিতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য আট কিলোমিটার পাইপ লাইন করতে হবে। আবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ আনার জন্য একটি উপকেন্দ্র করতে হবে ৪০০ কেভি ক্ষমতার। এ জন্য প্রায় ২৬ একর জমি দরকার হবে। সরকার এখন পর্যন্ত এসব জমি অধিগ্রহণ করতে পারেনি।আর মেঘনাঘাট কেন্দ্রটি হবে দ্বৈত জ্বালানিভিত্তিক (ডুয়েল ফুয়েল)। এ ক্ষেত্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও আনুষঙ্গিক কিছু বিষয় সরকারের বিশেষভাবে ভাবতে হচ্ছে। ফলে এই কেন্দ্রগুলো স্থাপনও পিছিয়ে যাচ্ছে।তবে বিদ্যুৎসচিব বলেন, এগুলোর ব্যাপারে সম্প্রতি চুক্তি অনুস্বাক্ষর করা হয়েছে। শিগগিরই তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে অনুমোদনের জন্য। অনুমোদন হয়ে এলে সেই অনুযায়ী চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। ভোলার ১৫০ থেকে ২২৫ মেগাওয়াট কেন্দ্রটির ক্ষেত্রেও একই প্রক্রিয়া চলছে।বিবিয়ানার দুটি এবং মেঘনাঘাট কেন্দ্রের নির্মাণকাজ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ কোম্পানি সামিট ও আমেরিকার কোম্পানি জিইর যৌথ উদ্যোগ। স্থাপনপ্রক্রিয়া পিছিয়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘ওই কেন্দ্রগুলো স্থাপনের জন্য এখন পর্যন্ত যেসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা যথেষ্ট দ্রুততার সঙ্গেই সরকার করেছে। জমি অধিগ্রহণ একটি জটিল বিষয়। এ জন্য কিছুটা সময় লাগতে পারে। তবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের আগেই শেষ করতে আমরা প্রস্তুত আছি।’এই প্রকল্প তিনটির জন্য প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা হয়েছে কি না, জানতে চাইলে আজিজ খান বলেন, চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগে যতটুকু নিশ্চিত ব্যবস্থা হওয়া সম্ভব সেটুকু হয়েছে। চূড়ান্ত চুক্তির পর বাকিটুকু হবে।সিরাজগঞ্জ ৪৫০: ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চূড়ান্ত এই প্রকল্পটি বাতিল করার পর এটি যেন আর এগোচ্ছেই না। ইতিমধ্যে আরও দুই বার দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু প্রতিবারই একজন করে দরদাতা অংশ নেওয়ায় সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।বর্তমানে এই প্রকল্পটির জন্য চতুর্থবারের মতো দরপত্রপ্রক্রিয়া চলছে। এবার দরপত্র জমা দেওয়ার সর্বশেষ সময় ছিল গত ২১ মার্চ। কিন্তু অংশগ্রহণে আগ্রহী একটি কোম্পানির অনুরোধে আরও ২০ দিন সময় বাড়িয়ে ১০ এপ্রিল করা হয়েছে। অথচ এই কেন্দ্রটিতে উৎপাদন শুরু হওয়ার কথা ছিল ২০০৪ সালের গ্রীষ্মে।