ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা বা স্কিম ঘোষণার পরদিনই বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল সোমবার ৪ দশমিক ২০ শতাংশ বা ১৯২ পয়েন্ট কমে গেছে। এর ফলে দিন শেষে ডিএসইর সাধারণ সূচক আবারও সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে গেল।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকও গতকাল প্রায় পৌনে ৪ শতাংশ বা ৪৮৯ পয়েন্ট কমেছে। এর ফলে দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আবারও ১৩ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোষিত বিশেষ সুবিধা বা স্কিম নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের একটি অংশের মধ্যে এটি অসন্তোষেরও জন্ম দিয়েছে। এ কারণে বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে।জানা যায়, গতকালই অনেক বিনিয়োগকারী ঘোষিত সুবিধা নিয়ে নিজ নিজ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের সঙ্গে দেনদরবার শুরু করেছেন। তাঁদের অনেকে মনে করছেন, গতকাল থেকেই সুদ মওকুফের ঘোষণা কার্যকর করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হতে আরও কিছুটা সময় লাগবে। তবে বাস্তবায়ন-প্রক্রিয়া এগিয়ে নিতে এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। এরই অংশ হিসেবে গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশনা বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বাংলাদেশ ব্যাংককে ঘোষিত স্কিম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঘোষিত স্কিমের চূড়ান্ত বাস্তবায়নের আগে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার বা ডেটাবেইস তৈরি করা হবে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম প্রণয়ন কমিটি এ তথ্যভান্ডার তৈরি করবে। এটি তৈরিতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। নির্ধারিত একটি ছকে এ তথ্য সংগ্রহ করা হবে। গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে কমিটির প্রধান ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানকে এ জন্য লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় অবিলম্বে এ তথ্যভান্ডার তৈরির কথা বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তথ্যভান্ডার তৈরির পর কোনো প্রতিষ্ঠানকে কী পরিমাণ সুদ মওকুফ করতে হবে, তার একটি চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করবে কমিটি। এর ভিত্তিতেই পরে সুদ মওকুফের প্রক্রিয়া বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।এ ছাড়া ঘোষিত স্কিমের আওতায় নতুন কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে কোটা-সুবিধা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে কমিটি। কমিটি-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সংরক্ষিত আইপিওর আবেদনের আগে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিজ নিজ ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে।এদিকে সুদ মওকুফ ও আইপিওতে কোটা বরাদ্দের পরও বাজারের বড় ধরনের দরপতনকে অপ্রত্যাশিত বলেই আখ্যায়িত করেছেন বিশ্লেষকেরা। যোগাযোগ করা হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণার পরও বড় দরপতন একেবারেই অপ্রত্যাশিত। স্কিমে বড় বিনিয়োগকারীদের সুদ মওকুফের কোনো ব্যবস্থা রাখা হয়নি, গতকালের দরপতনের পেছনে এটির হয়তো কিছুটা প্রভাব থেকে থাকতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, বড় বিনিয়োগকারীদের সুদ মওকুফ করা হয়নি, এ কথা সত্য। তাই বলে কেন তাঁরা বড় দরপতন ঘটিয়ে কম দামে শেয়ার বিক্রি করে আরও বেশি আর্থিক ক্ষতি মেনে নেবেন? তাই আমি মনে করি, এ ধরনের দরপতনের পেছনে কারও কারসাজি রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার।’সুদ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনের কপি হাতে পাওয়ার পর আমরা প্রক্রিয়াগত কাজ শুরু করব। এর আগে বিএমবিএর নির্বাহী কমিটির জরুরি সভায় এ নিয়ে আলোচনা হবে।’ তিনি বলেন, ‘মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিষয়ে আমরা সবাই একমত।’বাজার-পরিস্থিতি: ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৯২ শতাংশের দাম কমেছে। আর সিএসইতে কমেছে প্রায় ৯১ শতাংশের দর। ডিএসইতে সোমবার ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৩৯টির দাম কমেছে, বেড়েছে ১০টির আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭১টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৫টির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। দুই বাজারে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। সোমবার দিন শেষে ডিএসইতে প্রায় ৩০৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩০ কোটি টাকা বেশি। সিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা বেশি।