বড় বিস্ময় লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসাহিত্যে ভিন্নমুখী স্রোতধারার সমাহার আছে বলেই তার আকর্ষণ সহজে পুরোনো হয় না। এই স্রোতধারার পুরো আনন্দ পাওয়ার জন্য অধরা বাণীর মাধুরী খুঁজে নিতে হবে। এই অনুসন্ধানের জন্য আজ কয়েকটি দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব।যিনি গীতাঞ্জলির বিশ্বাসদীপ্ত বাণীর জন্য নোবেল পুরস্কারের মণিহারে ভূষিত, যিনি বিশ্বকবি হয়ে বিশ্বমানবতার বাণী কবিতার ছন্দে করেন গ্রথিত—তাঁর কাছে কবিতার, গানের অসীম ধন তো পাবই। এই লেখাতে এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো সচরাচর মনোযোগ পায় না বা যেগুলোকে আমার মনে হয়েছে, রবীন্দ্রনাথের নতুন কোনো অধরা বাণী। সেখানে পাই অজানা খনির নতুন মণিমানিক্যের দ্যুতি। প্রথমে, গল্পগুচ্ছের বিচিত্র চরিত্র ও নানা আঙ্গিকের কাহিনি; দ্বিতীয় অংশে অন্য মায়ের প্রসঙ্গ এবং তৃতীয় অংশে থাকবে ছড়ার কবি, যেখানে পরিহাসের ও তত্ত্বের সুবর্ণ মিলন ঘটিয়েছেন সেই বিষয়, সেই বিস্ময়।গল্পগুচ্ছ-এর চরিত্র ও সমাজচিত্রঅর্ধশতাব্দী ধরে বিভিন্ন সময়ে রচিত রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ-এর গল্পগুলোতে অঙ্কিত হয়েছে সেকালের অর্থনৈতিক চিত্র, সমাজ-বিন্যাসের বিশ্লেষণ। ৫০ বছর ধরে রচিত সেসব গল্পের চরিত্র ও তাদের পারিপার্শ্বিকতা থেকে পাওয়া যেতে পারে সময়ের সঙ্গে সমাজ পরিবর্তনের ও বিকাশের ধারার বিবরণ। এখানে সংক্ষেপে তার একটি দিক, বিশেষত চরিত্রগুলো কী ধরনের পেশাকে উপজীব্য করছে, তা বোঝার চেষ্টা করছি। এই পেশার বর্ণনা থেকেই পরস্ফুিট হতে পারে যে দেশে সে সময়ে কী ধরনের দ্রব্য ও সেবা উৎপন্ন হতো। পেশাগত ভিন্নতাই নির্ধারণ করে সমাজের শ্রেণীবিভক্তি, দেশের উৎপাদন প্রযুক্তি এবং সেখানে শিক্ষার ভূমিকা।এই দেশে সেই বিংশ শতাব্দীর শুরুতে ছিল কৃষিনির্ভর অর্থনীতি। কৃষিজমিই ছিল তখন অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল সম্পদ। কিন্তু শুধু গ্রামে আবদ্ধ কৃষিনির্ভর সমাজ দীর্ঘদিন একইভাবে টিকে থাকে না। পরিবর্তনের হাওয়া লাগে, ভেতর থেকে এবং বাইরে থেকে—বাণিজ্য এবং প্রযুক্তির প্রসারের মধ্য দিয়ে।এই স্বল্প পরিসরে কয়েকটি গল্পের উদাহরণ দেব, যাতে দেখা যায়, গল্প কীভাবে সময়ের সঙ্গে পটভূমি বদলাচ্ছে। ১৩০৭ বঙ্গাব্দের আগে রচিত গল্পের বেশির ভাগই গ্রামের পটভূমিতে—নগরায়ণ তখনো তেমন প্রসারিত হয়নি। ‘পোস্টমাস্টার’ গল্পের নতুন নিয়োগপ্রাপ্ত পোস্টমাস্টার সেই অজপাড়াগাঁয়ে কীভাবে দিন কাটাত, সেখানে গ্রাম্য বালিকা রতন কেমনভাবে সেসব দিনকে সুসহ করেছিল, আর সবশেষে গ্রাম ছেড়ে যাওয়ার যে আগ্রহ—সবই খুব সুস্পষ্ট করে ফুটিয়ে তুলেছে সে সময়ের যোগাযোগ-সুবিধাবঞ্চিত আলোহীন গ্রামজীবনের দুঃখকে।গ্রামের তাঁতিদের দুঃসময়ের চিত্র নিয়ে রচিত হলো ‘পণরক্ষা’—যদিও কাহিনিতে দুই ভাইয়ের ভালোবাসা ও অভিমানের পালা। ছোট ভাই কিছুটা পড়াশোনা করেছে এবং বড় ভাইয়ের অনুরোধেও সেই পেশাতে যেতে রাজি নয়, যদিও একসময় এই পেশাতে ব্যবসায়িক সমৃদ্ধি ছিল। কিন্তু ‘সমুদ্রপার হইতে এক “কল দৈত্য আসিয়া”’ প্রতিযোগিতায় নামলে তাঁতিদের অন্নসংস্থাপন কঠিন হয়ে উঠল। ‘তবু তাঁতের কঠিন প্রাণ মরিতে চায় না—ঠুকঠাক ঠুকঠাক করিয়া...চলাচল করিতেছে।’প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে নগরগুলো অর্থনীতির কেন্দ্রে পরিণত হলো। আধুনিক পেশার মানুষ উঠে এল ছোটগল্পের প্রধান চরিত্রে। ধারাটি শুরু হয়েছিল যখন ১৩০৮ সালের ‘নষ্টনীড়’-এর পটভূমি কলকাতা শহরে এসে পৌঁছেছে। ‘মাল্যদান’-এর প্রধান পুরুষ চরিত্র (যতীন) ডাক্তার এবং পার্শ্বচরিত্র হরকুমারবাবু ম্যাজিস্ট্রেট, যার অফিস কলকাতায়। এসব কাহিনিতে শহরের মধ্যবিত্ত ও স্বল্পবিত্তরাই উঠে এসেছে কেন্দ্রবিন্দুতে। ‘মাস্টারমশায়’ গল্পে প্রথমবারের মতো চাকরির ক্ষেত্রে টাকা আত্মসাৎ এবং চাকরিসংক্রান্ত জটিলতা ও শহরজীবনের নাটকীয়তা নিয়ে প্রকৃত শহুরে গল্প। উপরোল্লিখিত ‘পণরক্ষা’ গল্পে তাঁতির পেশাটি গ্রামভিত্তিক হলেও বাস্তবানুগভাবে তাঁতিকে শহরে নিয়ে এসেছেন নিপুণ কাহিনিকার।১৩২২-পরবর্তী গল্পগুলো একেবারেই আধুনিক পেশা ও অর্থনৈতিক ক্ষেত্রে এসে পৌঁছেছে।পরিণত বয়সে লেখা গল্প, যেগুলো তিন সঙ্গীতে স্থান পেয়েছে, সেখানে বিষয়বস্তুর অভিনবত্ব এবং আধুনিকতার ছাপ সুস্পষ্ট। সেই আধুনিকতার ছাপ লেগেছিল এ দেশের সমাজের চিন্তাধারা, শিক্ষা এবং অর্থনীতিতে। সেসব গল্পের একটিতে (‘রবিবার’) অভীক পড়াশোনা করেছে নিজের পয়সা জমিয়ে, যেটা রোজগার করেছে মিস্ত্রিগিরির কাজ করে। সে ছবি আঁকে—নিজের শিল্পসত্তাকে প্রতিষ্ঠা করতে পাড়ি দিয়েছে পাশ্চাত্যে। অনিশ্চয়তার পথে পাড়ি দিতে পারে যে, সে-ই তো যথার্থ আধুনিক—গল্পটিকেও সে করেছে শহুরে ও আধুনিক।অন্য একটি গল্পে (যদিও গল্পটির সারসংক্ষেপ বলারও স্থান অসংকুলান) নবীন মাধবের যে উপলব্ধি ব্যক্ত করেছেন লেখক তা হচ্ছে, দেশকে ভালোবাসতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে। সাম্রাজ্যবাদী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে। সে বুঝেছে ‘যন্ত্রবিদ্যা শিক্ষার আরো গোড়ায় যাওয়া চাই; যন্ত্রের মালমসলা সংগ্রহ শিখতে হবে।’ অর্থনীতির আধুনিক তত্ত্বও তো সেই কথাই বলে—শিল্পায়নের গতি বাড়াতে হলে পশ্চাৎ-সংযুক্তি চাই (অর্থাৎ শিল্প ও তার উপকরণ যন্ত্রাদি দুটোই একসঙ্গে করলে দক্ষতা বাড়ে, লাভের হার ত্বরান্বিত হয়)।‘ল্যাবরেটরি’ গল্পটি বহুলভাবে আলোচিত হয়েছে। ল্যাবরেটরির বৈজ্ঞানিকের মৃত্যুর পর তার স্ত্রী সোহিনী দায়িত্ব নিয়েছে সেটা দেখাশোনার, যে কিনা লেখকের নিজের মতোই ‘একেবারে এখনকার যুগের সাদায়-কালোয় মিশানো খাঁটি রিয়ালিজম।’...নগরজীবনে যে বিশ্বব্যাপী যোগাযোগ থাকে, সেটা এসেছে এই পর্যায়ের গল্পগুলোতে। পাড়াগাঁয়ের সেই রতনের রেশ এসে সোহিনীতে মিশে এক বর্ণাঢ্য পরিবর্তন, হঠাৎ আলোর ঝলকানি তৈরি করেছে। আর তাতে ঝলমল করে পাঠকচিত্ত।অন্য মাএমন কোন খোকাটি আছে, যে মায়ের কাছে যেতে চাইবে না। কিন্তু সেই কাছে যাওয়ার আগে দূরে থাকার ফন্দি নিয়ে ভাবছে যখন অবু নামের ছেলেটি, তখন ছেলে আর মা, দুজনে নদীর দুই তীরের মানুষ হয়ে যায়। তখন তো সেটা আর মা-ছেলের কথা নয়। নদীর দুই তীরের মধ্যে যে একে অন্যের কাছে আসার বাসনা; দূরে থাকব, না কাজে আসব, সেই দ্বন্দ্ব—সেসব কথাই অবুর কথা হয়ে যায়। যে অবু শুরুতে ভাবছে:‘আমার মা না হয়ে তুমি আর-কারো মা হলে—...মজা আরো হত ভারি—দুই জায়গায় থাকত বাড়ি,আমি থাকতেম এই গাঁয়েতে তুমি পারের গাঁয়ে।’সেই অবুই শেষ পঙিক্ততে বলে কিনা,‘ধরা পড়ত মায়ের ওপার, অবুর পারের কাছে।’(‘অন্য মা’, শিশু ভোলানাথ)মা যখন পৃথিবী ছেড়ে চলেই যান, এমন কোনো সন্তান কি আছে, যে মায়ের কথা ভেবে আনমনা হবে না। সেই কথাটি তো চোখের জল ফেলতে ফেলতে, স্মৃতিচারণ করতে করতে, ‘মা তোমার জন্য আমার বুক ভেঙে যায়’ বলে গান গেয়ে বলতে শুনি। কিন্তু সময়ের সঙ্গে বিস্মৃতির ধুলো জমে। তখন যদি কেউ বলে:‘মাকে আমার পড়ে না মনে।শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণেএকটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে,মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে।’ (‘মনে-পড়া’, শিশু ভোলানাথ)সেই উদাস মনে-পড়া কি অশ্রুপাতের চেয়ে সরুকণ হয়ে ওঠে না!কবি কিন্তু মায়ের অন্য এক রূপ তুলে ধরেছেন গান্ধারীর বচনে।ন্যায়ধর্মের জন্য গান্ধারীর আবেদন কাব্যনাট্যে মহিষী যখন পুত্রের নির্বাসন দণ্ডের অনুরোধ জানালেন স্বামীর কাছে, তখন অনেক মাতৃহূদয় কি চমকে উঠবে না! স্বয়ং সিংহাসন অধিকারী পিতা তাতে সহজে সম্মতি দিতে পারছিলেন না। সকরুণ প্রশ্ন রাখলেন মহিষীর কাছে: ‘কী রাখিব তারে ত্যাগ করি?’গান্ধারীর সংক্ষিপ্ত উত্তর: ‘ধর্মতব।’কিন্তু ধৃতরাষ্ট্রের তবুও সন্দেহ: ‘কী দিবে তোমারে ধর্ম?’গান্ধারী অনুভব করেছে যে সে পাবে:‘...দুঃখ সুদুঃসহআজ হতে, ধর্মরাজ, লহো তুলি লহো,দেহো তুলি মোর শিরে।’ধর্মের ব্যাখ্যা দিয়েছে সে এভাবে:‘ধর্ম নহে সম্পদের হেতুমহারাজ, নহে সে সুখের ক্ষুদ্র সেতু;ধর্মেই ধর্মের শেষ।...’ধর্মের যে ব্যাখ্যা মহিষী দিয়েছেন, তাতে সমগ্র পৃথিবীর নারীর, সব মায়েদের মাথা উঁচু করে দেওয়া হয়েছে। রাজ্যপরিচালনা যার দায়িত্ব, সে-ও যখন পুত্রের অপরাধের দিকে দৃষ্টি অন্ধ করে থাকে, তখন ন্যায়ধর্মের জন্য মায়ের আত্মত্যাগ, গান্ধারীর এই আবেদন সব মায়ের মধ্যে সঞ্চারিত হোক। এখানে কেন পুত্র দুর্যোধনের নির্বাসন দণ্ড প্রার্থনা করেছেন, তাও প্রাসঙ্গিক। কারণ হচ্ছে ‘সতী অবলারে/পরগৃহ হতে টানি করে অপমান/ বিনা দোষে...’। নারীত্বের অপমানে সহমর্মিতা তো নারীরই শক্তি বাড়াবে।হাস্য-পরিহাসে উজ্জ্বল বিস্ময়‘অতিথি’ গল্পটির মূল চরিত্র তারাপদ—যে বাঁশি বাজিয়ে, পাঁচালি পাঠ করে মুগ্ধ করেছে চারুশশীর বাবা-মাকে। তারাপদর প্রতি ঈর্ষান্বিত হয়ে বালিকা চারুশশী নানাভাবে উপদ্রব করে। তারাপদ ইংরেজি শিখছে দেখে চারুও হঠাৎ জিদ ধরে বসল যে সে ইংরাজি শিখবে। ‘পিতামাতা এই প্রস্তাবটিকে পরিহাসের বিষয় জ্ঞান করিয়া হাস্য করিলেন। কিন্তু কন্যাটি এই প্রস্তাবের পরিহাস্য অংশটুকুকে প্রচুর অশ্রুজল ধারায় অতি শীঘ্রই নিঃশেষে ধৌত করিয়া ফেলিয়াছিল।’ এই ধরনের মন্তব্য ও চারুশশীর ঈর্ষাপ্রসূত ক্রিয়াকলাপ নিয়ে হাস্যরসের সংযোজন সংসার অনাসক্ত তারাপদর উদাসী ভঙ্গির সঙ্গে একটি বৈপরীত্য সংযোজন করে গল্পটির আকর্ষণ বাড়িয়েছে। অতিথি তারাপদ আবার কখন চারুশশীর বাবা-মাকে ছেড়ে চলে যাবে, পাঠকের সেই দুশ্চিন্তার মধ্যে চারুশশীর ঈষৎ হাসির জ্যোৎস্নাটুকু না থাকলে গল্পটি এত উজ্জ্বল হতো না।একইভাবে ‘নষ্টনীড়’-এর মতো গম্ভীর কাহিনি, যেখানে ভূপতির বঞ্চনা, চারুলতার মানসিক দ্বন্দ্ব, সব মিলিয়ে করুণ পরিণতির দিকে অবধারিতভাবে অগ্রসর হয়, সেখানেও একটু স্মিত হাসি ভরা তির্যক মন্তব্য দিয়ে শুরু হয়েছে গল্প।‘সে (ভূপতি) যতদিন কাগজ লইয়া ভোর হইয়াছিল ততদিনে তাহার বালিকা বধূ চারুলতা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করিল খবরের কাগজ সম্পাদক (অর্থাৎ স্বামী ভূপতি) এই মস্ত খবরটি ভালো করিয়া টের পাইল না।’ (‘নষ্টনীড়’, রবীন্দ্রনাথ ঠাকুর)করুণ গল্পে যখন হাসির দীপ্তি এমনভাবে ফুটেছে, হাসির গল্পে সেগুলো আরও প্রগাঢ় হয়েছে। অনেক ছড়াতেও সেই ধারা বয়ে চলেছে। ছড়া থেকে দু-একটি উদাহরণ না দিলেই নয়। খাপছাড়ায় অনুকূল বাবুর নতুন আগ্রহ:‘ঘাসে আছে ভিটামিন, গোরু ভেড়া অশ্বঘাস খেয়ে বেঁচে আছে, আঁখি মেলে পশ্য।অনুকূল বাবু বলে ‘ঘাস খাওয়া ধরা চাই’কিছুদিন জঠরেতে অভ্যাস করা চাই—বৃথাই খরচ ক’রে চাষ করা শস্য।’অনুকূলের পরিণামটাও লেখা আছে ছড়ার শেষে।এ রকম কয়েকটি ছড়ার সঙ্গে সমাজ সচেতন স্বরও যোগ হলো।“নিধু বলে আড়চোখে ‘কুছ নেই পরোয়া’—স্ত্রী দিলে গলায় দড়ি, বলে, ‘এটা ঘরোয়া’।অথবা যখন ‘ব্রিজটার প্ল্যান দিলবড় এনজিনিয়ারডিস্ট্রিকট বোর্ডেরসবচেয়ে সিনিয়র।... ব্রিজখানা গেল শেষেকোন অঘটন দেশে,তার সাথে গেছে ভেসেন হাজার গিনি আর।”যখন একজন কবি সারা জীবনে এবং বেশ কয়েক যুগ ধরে সাহিত্য রচনা করেন, তাঁর সেই সাহিত্যকর্ম থেকে দেশ, সমাজ ও ব্যক্তি অনেক কিছুই পায়। তা থেকে আমরা সার্থক গল্প পাই, কাব্যগুণে উজ্জ্বল কবিতা পাই, সর্বোপরি আনন্দ পাই। কিন্তু আর যা পাই, সেই উদ্দেশ্য সরাসরি সামনে রেখে কিন্তু কবিতা, গল্প, উপন্যাস লেখা হয় না। সেগুলো হচ্ছে সমাজধারার বিশ্লেষণ এবং সমাজ পরিবর্তনের চিত্র, ভাষা ও আঙ্গিকের একটি বিবর্তন এবং সর্বোপরি সাহিত্যের সামগ্রিক ভূমিকারই পরিবর্তন। সাহিত্য তখন সমাজ পরিবর্তনের, শ্রেয়বোধ প্রতিষ্ঠার, শোষণের-বঞ্চনার প্রতিকারের পথে নিঃশঙ্ক যাত্রার পাথেয় হয়ে ওঠে, যেমনটি হয়েছে রবীন্দ্রসাহিত্য।[email protected]২৯ এপ্রিল ২০১১ ড. রুশিদান ইসলাম রহমান: অর্থনীতিবিদ, গবেষণা পরিচালক, বিআইডিএস