বড় বিড়ম্বনা রাস্তায় পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ মুহূর্তে রাস্তায় গরু-ছাগলের হাট বসানো হচ্ছে। রাস্তার পাশ থেকে এসব হাট একপর্যায়ে রাস্তার ওপর চলে আসছে। এ জন্য যানজটের সৃষ্টি হচ্ছে। এটাই আমাদের বড় দুর্ভাবনা।’আজ সোমবার সকালে গাজীপুরে দুটি মহাসড়ক পরিদর্শন করতে গিয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।যানজট নিরসনে দেশের জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, তাঁরা যেন তরুণ স্বেচ্ছাসেবকদের নিয়োগ করে যানজট নিরসনে সহযোগিতা করেন। তিনি বলেন, এ মুহূর্তে সবচেয়ে বড় বিড়ম্বনা হলো রাস্তায় পশুর হাট। এ ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা চেয়েছেন। রাস্তায় পশুর হাট বসানোর পেছনে কিছু জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদেরও দায়ী করেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, তাঁরা মনে করেন এতে জনপ্রিয়তা বাড়ে। ঠুনকো জনপ্রিয়তার কথা চিন্তা করে অবৈধ কাজকে তাঁরা প্রশ্রয় দিচ্ছেন, যা ঠিক নয়।এর আগে যোগাযোগমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, সফিপুর ও চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন করেন।মন্ত্রী বলেন, আগামী এপ্রিল-মে মাসে জয়দেবপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়কের চার লেন প্রশস্ত করার কাজ শুরু হবে। তিনি বলেন, রাস্তা প্রশস্ত করার কাজে কোনো কোনো ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মসজিদ ও কবরস্থান।ওবায়দুল কাদের বলেন, এ মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর মেরামতের কাজ চলছে। এ জন্য বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর পর্যন্ত মানুষ লম্বা যানজটে পড়ছে। তাই বঙ্গবন্ধু সেতুর মেরামতের কাজ আজ সোমবার থেকে আট দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, সওজের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা মোশারফ সিকদার, সেলিম আজাদ প্রমুখ।