বড় মগবাজারে জামায়াতের কার্যালয়ে পুলিশের অভিযান
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ বলছে, একজন পরোয়ানাপ্রাপ্ত আসামিকে ধরতে সেখানে গিয়েছিল তারা। তবে অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। সেখান থেকে কিছু নথিপত্র ও বই জব্দ করেছে পুলিশ।আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটি দল বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। রাত আটটার দিকে পুলিশের দলটি সেখান থেকে বেরিয়ে যায়।যাওয়ার সময় পুলিশ জামায়াতের দলীয় প্রকাশনার কিছু বই, তাদের গঠণতন্ত্র, মাওলানা মওদুদীর লেখা ‘ইসলাম পরিচিতি’সহ অর্ধশত পুস্তিকা, তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে পত্রিকার কাটিং ও আইনজীবীদের একটি তালিকা নিয়ে গেছে। অভিযান চলাকালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম নিজ নিজ কক্ষে ছিলেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই অভিযান চালিয়েছে। পরোয়ানাপ্রাপ্ত একজন আসামিকে ধরতেই তারা সেখানে যায়। তবে কেউ গ্রেপ্তার হয়নি। জানতে চাইলে শিবলী নোমান ওই আসামির নাম বলতে রাজি হননি।জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছেন।