বড় লড়াইয়ের জন্য সমর্থকদের চাঙা হতে বললেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বড় লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক দলের সমর্থকদের চাঙা হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার আইওয়া অঙ্গরাজ্যে তাঁর সমর্থকদের সঙ্গে এক ভিডিও সংলাপে তিনি এ কথা বলেন।২০১২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গতকাল থেকে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের বাছাইপর্বের প্রথম দিনের ভোট শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওবামা সেখানকার ডেমোক্রেটিক দলের সমর্থকদের সঙ্গে কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিও সংলাপে ওবামা উল্লেখ করেন, তিনি ইতিমধ্যে অনেক প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং আরও বেশি কিছু করার জন্য তাঁর আরেকবার নির্বাচিত হওয়া দরকার।পুনর্নির্বাচিত করার জন্য আইওয়াবাসীদের কাছে সহায়তা চান ওবামা। ভিডিও সংলাপে ওবামা জানান, ২০০৮ সালের তুলনায় তাঁর চুল অনেক পেকে গেছে। কিন্তু তা সত্ত্বেও তিনি তাঁর নির্বাচনী প্রচারের জন্য কঠিন প্রত্যয়ের ডাক দিচ্ছেন। তিনি জানান, ২০০৮ সালের মতো এ বছরও তাঁর একই কর্মশক্তি ও উত্সাহ দরকার। ওবামা বলেন, ‘এটা একটা বড় লড়াই হতে যাচ্ছে।’ তিনি বলেন, আশা করি, চাঙা হয়ে উঠেছেন আপনারা, আমিও উত্তেজনা বোধ করছি।’চার বছর আগে আইওয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে হোয়াইট হাউসে যাওয়ার অগ্রযাত্রা শুরু করেছিলেন ওবামা। তখন তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিনটন।