বড় শরীরটা বড় স্বপ্নেরই বাহক!
‘এটাই আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত’—কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে ওঠার মুহূর্তটিকে এভাবেই মনের আয়নায় বেঁধে ফেলেছেন জ্যাকব ওরাম। সেই ২০০১ সালে অভিষিক্ত ওরামের ক্রিকেট ক্যারিয়ারে স্মরণীয় মুহূর্ত অনেকই আছে। কিন্তু গুরুত্বের বিচারে পরশু মিরপুরের জয়টা ওরামের ক্রিকেটার জীবনে অনন্য ঘটনা।বিশ্বকাপের আগে বাংলাদেশ ও ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ড নিজেদের মাটিতেও সিরিজ হারে পাকিস্তানের কাছে। এই ম্যাচে তাই ড্যানিয়েল ভেট্টোরির দলকে বিজয়ীর আসনে বসাতে পারেনি প্রায় কেউই। সেই নিউজিল্যান্ডই দক্ষিণ আফ্রিকার মতো আগুন রাঙা ফেবারিটকে চূর্ণ করে উঠে গেল সেমিফাইনালে। আর এতে মুখ্য ভূমিকা ওরামের।মাত্র ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ১৭২ রানেই গুঁড়িয়ে দিতে ওরাম নেন ৩৯ রানে ৪ উইকেট। তবে এই উইকেট ৪টি নয়, ম্যাচ-সেরা ওরাম এগিয়ে রাখছেন ডিপ মিড উইকেট থেকে অবিশ্বাস্যভাবে লুফে নেওয়া ক্যালিসের ক্যাচটিকে।ডি ভিলিয়ার্সের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দিকেই টেনে নিয়ে যাচ্ছিলেন ক্যালিস। কিন্তু দলীয় ১০৮ রানের মাথায় টিম সাউদির বল সজোরে পুল করেন ক্যালিস। প্রচণ্ড শক্তি দিয়ে মারা বলটি উড়ে যাচ্ছিল সীমানার ওপারেই। ডিপ মিড উইকেটের ফিল্ডারটি খাটোমতো কেউ হলে হয়তো ছক্কাই হতো! ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার শরীরটা নিয়ে লাফিয়ে উঠে অসাধারণ দক্ষতায় ওরাম বলটি জমিয়ে ফেলেন তালুতে। ক্যালিস আউট। আউট দক্ষিণ আফ্রিকাও! সহজ জয়ের পথে ধাবিত পলায়নপর দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামে এর পরই।উচ্ছ্বসিত কণ্ঠে ওরাম বলেছেন এ কথাটাই, ‘ধন্যবাদের সঙ্গেই বলতে হয়, আমি যথেষ্ট লম্বা ছিলাম এবং ক্যালিসের ক্যাচটি নিতে পেরেছি। না, আমি ওই ক্যাচটির কৃতিত্ব নিতে চাই না, আমি স্রেফ মনে করি, ক্যালিসের ক্যাচটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।’দলকে অবিশ্বাস্যভাবে সেমিফাইনালে তুলে দেওয়ার নায়ক। ওরামের মুখে এখন নিউজিল্যান্ডকে প্রথম বারের মতো শিরোপা উপহার দেওয়ার কথাও মধুর শোনাচ্ছে। অথচ ওরামের এই বিশ্বকাপে খেলার সম্ভাবনাটাই অনিশ্চয়তার চাদরে মোড়ানো ছিল। বিশাল শরীরটায় চোট হানা দিয়েছে বারবারই। অনামিকার চোট তাঁর আগের বিশ্বকাপে খেলার সম্ভাবনাকে ঢেকে দিয়েছিল সংশয়ের মেঘে। বলেছিলেন, আঙুল কেটে ফেলতে হলেও বিশ্বকাপটা খেলতে চান। না, আঙুল কাটতে হয়নি। চোট থেকে সেরে উঠেই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন।বিশ্বকাপ যাঁর হূদয়ে এমন একটা জায়গা নিয়ে থাকে, তিনি তো মঞ্চে নেমে কিছু করতে চাইবেনই। পরশু সেই প্রতিজ্ঞারই একটু ঝলক দেখালেন। ব্যাট হাতে এখনো ঔজ্জ্বল্য ছড়াতে না পারলেও বোলিংয়ে ভালোই করছেন। উপমহাদেশের স্পিনবান্ধব উইকেটে পাঁচ ম্যাচে ১২ উইকেটই প্রমাণ। ওরাম তাই দলকে আরও বড় স্বপ্ন দেখাতেই পারেন। ওয়েবসাইট।