এবার ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার শিরোপা জিতেছেন নসরাত জুহুরী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। কথা হলো এবারের ক্ষুদে গানরাজ নসরাত জুহুরী ওরফে প্রান্তীর সঙ্গে।ক্ষুদে গানরাজ হওয়ার পর কেমন লাগছে?খুব ভালো। আমাকে আব্বু-আম্মু এই প্রতিযোগিতায় নিয়ে এসেছে। প্রথম হব—এটা ভাবতেই পারিনি। সবাই বলল, তুমি শুধু গান করো। আর আমিও তা-ই করেছি। রেজাল্ট হওয়ার পর সবাই যখন আমাকে শুভেচ্ছা জানিয়েছে, আদর করেছে, তখন অনেক আনন্দ হচ্ছিল।তোমার স্কুলের বন্ধুদের কারও সঙ্গে কথা হয়েছে?না। আমি তো এখনো চ্যানেল আইতেই আছি। এখানেও আমার অনেক বন্ধু। এত দিন যাদের সঙ্গে এই প্রতিযোগিতা করেছি, তারাও আমার বন্ধু হয়ে গেছে। সবাই মিলে অনেক মজা করছি। হইচই করছি। এখন আর কেউ আমাদের বাধা দেয় না। গলা খারাপ হওয়ার ভয় নেই। আমাদের বাসা তো ব্রাহ্মণবাড়িয়ায়। কাল রোববার আব্বু-আম্মুর সঙ্গে বাসায় যাব। ওখানে যাওয়ার পর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হবে।তুমি কী পড়ছ?আমি একটি কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস ফোরে পড়ি।আর গান শিখছ কোথায়?সুরসম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গনে। ব্রাহ্মণবাড়িয়াতেই। বাসায়ও শিখছি। নাসিমা আলম আর নিয়াজ মামুনের কাছে।অনেক পুরস্কার পেয়েছ। এত পুরস্কার দিয়ে কী করবে?আব্বু-আম্মু যেটা বলে, সেটাই করব। এত দিন তো ব্রাহ্মণবাড়িয়ায় পড়াশোনা করেছি। এবার ঢাকায় চলে আসব। এখানে স্কুলে ভর্তি হব আর গান শিখব। আম্মু বলেছেন, বড় গানের স্কুলে আমাকে ভর্তি করিয়ে দেবেন। তাহলে আরও ভালো করে গান শিখতে পারব। অনেক বড় শিল্পী হব।