বড় স্বস্তি রাজস্ব আদায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী বাজেট দেওয়ার আগে খানিকটা স্বস্তিতে আছেন রাজস্ব আদায় নিয়ে। কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায়ই তাঁর জন্য অন্যতম ভালো খবর। তবে রাজস্ব আদায় বাড়লেও প্রবৃদ্ধি ধরে রাখা যাচ্ছে না। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৭১ হাজার ৬৫ কোটি টাকার কর রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আলোচ্য সময়ে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছিল ৬৯ হাজার ৭৮৭ কোটি টাকা। আর গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৫৯ হাজার ৫৫৫ কোটি টাকা। কর রাজস্ব আদায়ের এই প্রবৃদ্ধি ১৯ দশমিক ২৪ শতাংশ। গত বছর একই সময়ে এই হার ছিল ২৭ দশমিক ০৭ শতাংশ। রাজস্ব আদায়ের এই প্রবণতার কারণেই চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৯১ হাজার ৮৭০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯২ হাজার ৩৭০ কোটি টাকা করা হয়েছিল। প্রথম ১০ মাসে খাতওয়ারি রাজস্ব আদায়ের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, আমদানি পর্যায়ে রাজস্ব আদায়ের চেয়ে স্থানীয় পর্যায়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ মোট রাজস্ব আদায় হয়েছে ২৬ হাজার ৭৪১ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ২০ দশমিক ৩৪ শতাংশ। গত বছর একই সময়ে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২২ হাজার ২২২ কোটি টাকা। অন্যদিকে, আমদানি ও রপ্তানি পর্যায়ে আদায়কৃত আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক ও মূসকের পরিমাণ ২৪ হাজার ৭৪১ কোটি টাকা, প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৪৩ শতাংশ। গত বছর একই সময়ে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২২ হাজার ৬ কোটি টাকা। এ সময়ে মোট প্রত্যক্ষ কর আদায় হয়েছে ১৯ হাজার ৫৩৪ কোটি টাকা। এর মধ্যে আয়করের পরিমাণ ১৯ হাজার ১৩৭ কোটি টাকা। আয়করে প্রবৃদ্ধি ২৭ দশমিক ৭৬ শতাংশ। গত বছর একই সময়ে আয়কর আদায় হয়েছিল ১৪ হাজার ৯৭৯ কোটি টাকা। আদায়কৃত ভ্রমণকরের পরিমাণ ৩৯৭ কোটি ৭৯ লাখ টাকা। আর অন্যান্য খাতে আদায় পাঁচ লাখ টাকা। কর রাজস্ব আদায় ভালো হলেও কর-বহির্ভূত রাজস্ব আদায় পরিস্থিতি এবারও সন্তোষজনক নয় বলে সূত্র জানায়।