বড়ছড়া-চারাগাঁও শুল্কবন্দরে অবকাঠামো সুবিধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু থেকে ভাড়া করা একটি ভবনে চলছে অফিসের কাজ। অফিসের বড় কর্তার কক্ষের চেয়ার-টেবিলের পাশেই শোয়ার খাট। নেই কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ব্যবস্থা। একইভাবে আড়াই শ আমদানিকারক রোদে দাঁড়িয়ে ও বৃষ্টিতে ভিজেই কয়লা নামানোর কাজ করেন। এই চিত্র সুনামগঞ্জের বড়ছড়া-চারাগাঁও শুল্ক বন্দরের। গত ১৫ বছরেও সেখানে কর্মকর্তা-কর্মচারী আর আমদানিকারকদের সুবিধার্থে কোনো অবকাঠামো গড়ে ওঠেনি।এ প্রসঙ্গে দুঃখ করে এক আমদানিকারক বলেন, ‘এখান থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব পায়। অথচ আমরা যাঁরা এই টাকা দিই, তাঁদের বসার একটু ভালো ব্যবস্থা নেই এখানে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমাদের দেশের নীতি হইল, সরকার যেখান থেকে টাকা পায়, সেখানের উন্নয়নে ব্যয় করে না। যেখানে দরকার নাই, সেখানে টাকা ঢালে।’সুনামগঞ্জের বড়ছড়া-চারাগাঁও শুল্কবন্দর সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে বড়ছড়া-চারাগাঁও শুল্কবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়। বর্তমানে এখানে প্রায় ৩০০ আমদানিকারক আছেন। এর মধ্যে ২০০-এর মতো আমদানিকারক ব্যবসায় নিয়মিত আছেন। গত বছর সরকার এখান থেকে রাজস্ব পেয়েছে ৬৮ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৮৭৪ টাকা। আমদাদিকারকেরা জানান, সরকার প্রতিবছর এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেলেও শুল্কবন্দরের উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয় না। ১৫ বছরেও এখানে বন্দরের কোনো অবকাঠামো নির্মাণ করা হয়নি। আমদানিকারকেরা জেলা শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার পাড়ি দিয়ে এসে তাঁদের কাজকর্ম করে আবার শহরে ফিরে যান। এখানে রাত যাপনের কোনো সুবিধা নেই। যোগাযোগের অবস্থা খুবই খারাপ। দেশের অভ্যন্তরে পাহাড়ি ছড়া দিয়ে কয়লা বোঝাই ট্রাক নিয়ে কয়লা পরিবহন করতে হয়। এতে ভোগান্তির শিকার হন তাঁরা। খরচও পড়ে বেশি।বন্দরের রাজস্ব কার্যালয় সূত্রে জানা যায়, বন্দরের কার্যক্রম শুরুর সময়ে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের ব্যবস্থাপকের একটি পাকা ঘর ভাড়া নিয়ে রাজস্ব কর্মকর্তার কার্যালয় শুরু হয়েছিল। এখনো সেই ভাড়া করা ঘরেই কাজ চলছে। নিজস্ব ভবন আর হয়নি। রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে বর্তমানে রাজস্ব কর্মকর্তাসহ ছয়জন পরিদর্শক, সাতজন সিপাহি ও একজন এমএলএস আছেন। কিন্তু প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। তাই বাধ্য হয়ে রাজস্ব কর্মকর্তা তাঁর অফিস কক্ষেই বিছানাপত্র পেতে থাকছেন।রাজস্ব কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী জানান, চুনাপাথর খনি প্রকল্পের ঘরটি মাসিক সাড়ে ছয় হাজার টাকায় ভাড়া নেওয়া হয়েছে। সম্প্রতি এই বন্দরটি বাংলাদেশ ও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা পরিদর্শন করে গেছেন। তিনি এখানকার সব সমস্যা ও সম্ভাবনার কথা তাঁদের জানিয়েছেন। হেলাল উদ্দিন চৌধুরী বলেন, ‘এই প্রত্যন্ত অঞ্চলে এভাবে থাকা খুবই কষ্টকর। তার পরও চাকরির কারণে থাকতে হচ্ছে। এখানে কর্মকর্তা-ব্যবসায়ী কারোরই থাকার ব্যবস্থা নেই।’এই বন্দর দিয়ে প্রায় একযুগ ধরে কয়লা আমদানি করছেন মেসার্স চৌধুরী ইনট্রেডের স্বত্ব্বাধিকারী চৌধুরী রফিকুল হাসান শাহীন। শাহীন বলেন, ‘এখানে যোগাযোগ ও অবকাঠামো সুবিধা না থাকায় আমদানিকারকেরা নানা সমস্যায় পড়েন। অনেকেই অন্য বন্দর দিয়ে আমদানি করছেন। এর উন্নয়নে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এই বন্দরকে কাজে লাগিয়ে ভারতের সাত রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটানো সম্ভব।’তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি সামসুল হক বলেন, ‘আমরা সরকারের কাছে বহুবার এই বন্দরের উন্নয়নের দাবি জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সিলেটে প্রধান উপদেষ্টার সঙ্গেও নেতারা দেখা করে একই দাবি জানিয়েছেন।’সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল বলেন, ‘জেলার একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র এই বন্দর। অথচ বন্দরটি নানা সমস্যায় জর্জরিত। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে আমরা জানিয়েছি। সরকারের উচিত, এই বন্দরের যথাযথ উন্নয়ন করা। না হলে ব্যবসায়ীরা একসময় এই বন্দর থেকে তাঁদের ব্যবসা গুটিয়ে নেবেন।’