বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই নতুন নতুন জামা-কাপড় পরে দল বেঁধে সবাই গির্জায় যাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছে বিপুলের। আজ খুব সকালে ঘুম ভেঙেছে তার। শীতের সকালে ছাদে দাঁড়িয়ে তাই গ্রামের রাস্তায় পথচারীদের দেখছিল। প্রায় ষোলো বছর আমেরিকায় প্রবাসজীবন কাটিয়ে এবার গ্রামে এসেছে বড়দিন করতে। গ্রামের সবুজ প্রকৃতির মাঝে বিশাল বড় প্রাচীন এক জমিদারবাড়ি। এর বয়স এক শ ছাড়িয়েছে। দোতলা বাড়ির নিচতলায় বিশাল বিশাল ছয়টি কক্ষ আর দোতলার পুরোটাই ছাদ, শুধু এক কোণে আছে একটি মাত্র শয়নকক্ষ। এটি বিপুলের নানার শোবার ঘর ছিল। এখন এখানে বিপুল থাকে।বাড়িটা একসময় লোকজনে ভরা ছিল। বিপুলরা ছিল সাত ভাইবোন। এখন অবশ্য পুরো বাড়িটাই ফাঁকা। বিপুল ছাড়া আর আছে মাত্র চারটি প্রাণ। বিপুলের স্ত্রী, বড় ভাই, বৌদি আর একটি সাদা বিড়াল মিন্টি। বিপুলদের গ্রামের নাম পুরান তুইতাল। এ গ্রামের আশপাশে আছে আরও সতেরোটি খ্রিষ্টান গ্রাম; যাদের একসাথে বলা হয় আঠারোগ্রাম।আজ বড়দিন। সবাই তাই নতুন নতুন সাজে গির্জায় যাচ্ছে। বড়দিনে বিপুলদের গ্রামের গির্জায় দুটো মিশা হয়। একটা সকাল ছয়টায়, আর পরেরটা সকাল আটটায়। বিপুল অবশ্য দ্বিতীয় মিশায় যাবে। গ্রামের আত্মীয়স্বজন, প্রতিবেশীদের দেখে বিপুলের মনে পড়ে গেল অনেক দিন আগের কথা। তখন সব ভাইবোন স্কুলে পড়ে। বিপুলের বাবা কলকাতায় চাকরি করতেন। বড়দিনের আগে সবাই বাবার বাড়ি ফেরার প্রতীক্ষায় থাকত। কারণ, বাবা বাড়ি এলেই সবাই নতুন জামা-কাপড় পাবে। মা আর বোনেরা সে সময় ব্যস্ত থাকত রান্নাঘরে, পিঠা বানানোর কাজে। তাদের সঙ্গে যোগ দিত আশপাশের জেঠিমা-কাকিমারাও। বড়দিনের দুই সপ্তাহ আগে থেকে চলত হইহই রইরই উৎসব। বিপুলরা ব্যস্ত থাকত বাঁশ-রঙিন কাগজ দিয়ে তারা বানানোর কাজে, আর কীর্তনের প্রস্তুতিতে।আঠারোগ্রামের বড়দিনের কীর্তন যেন অন্য সবার চেয়ে আলাদা মনে হয় বিপুলের কাছে। ক্লাবের বড় বড় ছেলে হারমোনিয়াম-তবলা বাজিয়ে গান করে, আর তার সঙ্গে ছন্দে ছন্দে নাচতে থাকে সাদা-লাল পেড়ে শাড়ি ভিন্ন স্টাইলে পরিহিত একদল খুদে বালক। প্রতিটা বাড়িতে গিয়ে তারা সবাইকে কীর্তন গানের মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা ও আনন্দ বিলিয়ে থাকে।বিপুলের দাদা-বৌদি প্রথম মিশায় গেছে। বিপুল মুখ-হাত ধুয়ে গির্জায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল। বিপুলের স্ত্রী শিখাও তৈরি হয়ে নিল। গ্রামের মেঠোপথ কুয়াশায় ভিজে আছে। সে পথ দিয়েই দুজন গেল গির্জায়। ওদের গির্জার পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটা নদী। এটি ইছামতীর শাখানদী। গ্রামের মানুষ এখন অনেক স্টাইল-সচেতন হয়ে গেছে। নিত্যনতুন স্টাইলের আধুনিকতা এখন তাদের পোশাকে দেখা যায়। ভালোই লাগছে বিপুলের। গির্জায় গিয়ে সামনের দিকে বসল ওরা দুজন। গির্জাঘরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভক্তি ও পবিত্রতার সঙ্গে বড়দিনের মিশা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাইরে বাজনার আওয়াজ শোনা গেল। এ যেন এক অন্য রকম আনন্দ।বাড়ি ফিরে এসে বড়দা-বৌদির কাছে গিয়ে বড়দিনের আশীর্বাদ নিল। সবাই একসঙ্গে বসে পিঠা খেল, কেক খেল। দূরে কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে। বিপুলের মনে পড়ল কীর্তন দলের পেছনে পেছনে ছোলা-মুড়ির পোঁটলা নিয়ে ঘুরতে থাকা আরেকজনের কথা। সে হলো বারোভাজাওয়ালা। বারোভাজা হলো ঝালমুড়ির মতো দারুণ মজাদার একটা খাবার। কীর্তনের সুর আস্তে আস্তে কাছে আসতে লাগল। বিপুলের মনের আনন্দ যেন আরও বাড়তে লাগল। তারপর বারান্দায় দাঁড়িয়ে সবাই মিলে কীর্তনের গান ও নাচ উপভোগ করল।দুপুরে সবাই মিলে বড়দিনের স্পেশাল আহারে বসল। আজ রান্না হয়েছে পোলাও, মুরগির মাংস, সসেজ, বিন্দালু আর সেই সঙ্গে সালাদ। ছোটবেলা থেকেই বিপুলদের বাড়িতে বড়দিনের স্পেশাল মেন্যু এটি। সবার সঙ্গে বসে এসব খেতে খেতে বিপুল যেন তার পুরোনো দিনে ফিরে গেছে।এত বছর পর গ্রামে বড়দিন করতে এসে বিপুল মনে-প্রাণে উপলব্ধি করল এ বাড়ি তার কত আপন, আর এ বাড়ির মানুষগুলো তাকে কত ভালোবাসে। সে ভাবল, একটু সুখের আশায় মানুষ কত কষ্ট করে তাদের আপনজনের কাছ থেকে দূরে বিদেশ-বিভুঁইয়ে পড়ে আছে। মনে মনে বিপুল তাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাল। এরপর সে ব্যস্ত হয়ে গেল বড়দিনের আনন্দঘন মুহূর্তগুলোর সঙ্গে।সুপর্ণা এলিস গমেজ: শিক্ষিকা, শাম্স শিল্পাঙ্গন।