বড়দিনের অভিনন্দন, নববর্ষের শুভেচ্ছা
দিন শেষ হয়ে এল, বছর ফুরিয়ে এল; বছরের শেষ আনন্দ হয়ে ধরা দিয়েছিল খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। পাঁচতারা হোটেল থেকে শুরু করে, অভিজাত রেস্তোরাঁ কিংবা বড় বড় দোকানপাট সবখানে লেগেছিল ভিন্ন এক রূপ। নগরের এখানে-ওখানে আলোকসজ্জায় যিশুখ্রিষ্টের জন্মোৎসবের আনন্দ ঠিকরে পড়ছিল নগরবাসীর মাঝে। আর বড়দিনের এই আনন্দক্ষণ মনে করিয়ে দিচ্ছিল, বছর শেষ হতে আর বেশি দিন বাকি নেই। এ যেন পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য একরকম তাড়া। আর তাই কার্ড কিংবা গিফটের দোকানগুলোয় এর মধ্যেই পড়ে গেছে সাজ সাজ রব। নতুন বছরে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে নগরবাসী এর মধ্যেই উঠেপড়ে লেগেছে। বর্ষ শেষের প্রথম প্রহরে নতুন বছরের শুভেচ্ছাটা জানাতে কার্পণ্য নেই কারও। আসছে ২০১১ সাল, তার প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ যাতে আনন্দ আর শুভযোগে ভরে থাকে, সে জন্য নতুন বছরের শুরুর দিনটায় মানুষের মুখে মুখে ঘুরবে একটাই বার্তা—‘শুভ নববর্ষ’।