বড়দিনের ইতিহাস
আজকের ক্রিসমাস বা বড়দিনের জন্ম রোমান সাম্রাজ্যের পটভূমিতে। রোমানদের আরাধ্য ছিল প্রাচীন কৃষিদেবতা স্যাটার্ন বা শয়তান। ডিসেম্বরের ১৭ থেকে ২৪ তারিখ পর্যন্ত এক সপ্তাহ তারা ‘স্যাটার্নালিয়া’ উৎসব উদ্যাপন করত। এর পরদিন, অর্থাৎ ২৫ ডিসেম্বর উদ্যাপিত হতো ‘উইন্টার সলিস্টিস’ দিবস। এ সময় রোমানরা ভোজন, উপহার বিনিময়, সব কাজকর্ম বন্ধ ও দাসদের সাময়িক মুক্তি দিত। এমনকি এ উৎসব চলাকালে যুদ্ধবিগ্রহও বন্ধ থাকত। আধুনিক ক্রিসমাস বা বড়দিনের এটাই পূর্বসূরি বলে ধারণা করা হয়। আইজ্যাক আসিমভ তাঁর গাইড টু দ্য বাইবেল গ্রন্থে বলেন, ‘ধর্মান্তরিতরা তাদের শয়তানি (স্যাটার্নালিয়া) পূজার উৎসবাদিসহই খ্রিষ্টান হতে পারত, কেবল সূর্যের বদলে ঈশ্বরের পুত্র হিসেবে যিশুখ্রিষ্টের জন্মদিবসকে অভিনন্দিত করতে হতো।’ক্যাথলিক এনসাইক্লোপিডিয়ার মতে, আদি খ্রিষ্টীয় উৎসবের মধ্যে বড়দিনের নাম পাওয়া যায় না। যিশুর জন্মদিবস উদ্যাপনের প্রথম দৃষ্টান্ত পাওয়া যায় প্রায় ২০০ খ্রিষ্টাব্দে, আলেক্সান্দ্রিয়ায়। সেখান থেকে তা পঞ্চম শতাব্দীতে মিসরে পৌঁছায়। যিশুর জন্মদিন ২৫ ডিসেম্বরেই পালন করার আহ্বান প্রথম আনেন সাধুজন ক্রিসোস্টম। এই দিনে পুরো সম্প্রদায়কে মিলিত হওয়ার আহ্বান জানান তিনি। তবে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি অংশ এর ১০ বছর আগে ২৫ ডিসেম্বরকেই যিশুর জন্মদিন ধার্য করেছিল এবং সেভাবে উদ্যাপন করে আসছিল।পণ্ডিতদের একটা অংশ মনে করেন, ২৫ ডিসেম্বর ক্রিসমাস উদ্যাপনের রীতি প্রবর্তিত হয় চতুর্থ শতাব্দীতে। নব্য ধর্মান্তরিত রোমান সম্রাট কনস্টান্টাইন খ্রিষ্টান ও প্যাগান (পৌত্তলিক) উভয়ের জন্য সাধারণ একটি উৎসব প্রবর্তনের লক্ষ্যে একে উৎসাহী করেন।আদি খ্রিষ্টানরা সমাদরের সঙ্গে পালন করত ‘এপিফ্যানি’ প্রথা। এটা ছিল তিন জ্ঞানী ব্যক্তি কর্তৃক শিশু যিশুকে অভ্যর্থনা (গিফট অব দ্য ম্যাজাই) জানাতে আসাকে স্মরণীয় করে রাখা। এখনো স্পেন ও আর্মেনিয়ায় এটিই উৎসবের মূল দিক বলে বিবেচিত হয়। অন্যদিকে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোয় যেভাবে ক্রিসমাস উদ্যাপিত হয়, তার উৎপত্তি জার্মান ‘ইয়ুল’ বা ‘জুল’ উৎসব থেকে। এখনো সেসব দেশে ক্রিসমাস ইয়ুল (বা জুল) নামে পরিচিত।তবে ঠিক কবে থেকে খ্রিষ্টানরা বড়দিন পালন করা শুরু করে, সে সম্পর্কে ঐতিহাসিকেরা সম্পূর্ণ নিশ্চিত নন। আবার গোড়ায় এই দিবস খ্রিষ্টানদের সব সম্প্রদায়ের অভিন্ন উৎসবও ছিল না, এর সঙ্গে ক্যাথলিক মতবাদের সম্পর্ক থাকার কারণে ১৮ শতাব্দীর আগে প্রটেস্ট্যান্টদের কাছে দিবসটি নিষিদ্ধ ছিল।দিবসটি এখন বৈশ্বিকভাবে উদ্যাপিত হয়। কেনাকাটা, উপহার বিনিময় ইত্যাদি কারণে এর অর্থনৈতিক গুরুত্বও দিন দিন ব্যাপক হচ্ছে।সূত্র: উইকিপিডিয়া