বড়দিনের গান
খ্রিষ্টভক্তদের উপাসনার একটি বিশেষ অংশ জুড়ে আছে গান। খ্রিষ্টধর্মে বিশ্বাসীরা সংগীতের মাধ্যমে স্রষ্টার প্রশংসা করেন, তাঁর আরাধনা করেন। গান তাঁদের প্রার্থনাও বটে। তাঁরা বিশ্বাস করেন, ঈশ্বর গান ভালোবাসেন। গানের মাধ্যমেই বিধাতার নৈকট্য লাভ সম্ভব। পবিত্র বাইবেল সে কথাই বলে। বাইবেলের রাজা দাউদ রচিত গীতসংহিতা বহুল পঠিত ও গীত একটি অধ্যায়। তা-ই খ্রিষ্টানদের আছে ধর্মীয় গানের বই। বিভিন্ন চার্চে উপাসনাকারীরা নিজস্ব গানের বই ব্যবহার করে থাকেন। এসব বইয়ের মধ্যে আছে গীতাবলি, খ্রিষ্ট-সংগীত, ধর্মগীত, হাল্লিলুয়া সংগীত, প্রশংসা সংগীত, আরাধনা সংগীত ইত্যাদি। একই কারণে খ্রিষ্টানদের বড়দিন উৎসবে গান একটি বিশেষ স্থান দখল করে আছে।২৫ ডিসেম্বর খ্রিষ্টের জন্মদিনটিই পালিত হয় বড়দিন বা ক্রিসমাস হিসেবে। বড়দিন উপলক্ষে খ্রিষ্টকে নতুন করে হূদয়ে ধারণ করতে খ্রিষ্টানরা নিজেদের প্রস্তুত করেন ডিসেম্বরের শুরু থেকে। এ সময়টিই আগমনী কাল। বড়দিন-পরবর্তী খ্রিষ্টীয় নতুন বছর পর্যন্ত চলে বড়দিন উৎসবের আনন্দের রেশ। এ পুরো সময়টি ঘরের প্রার্থনাসভায়, গির্জার উপাসনায় বড়দিন উপলক্ষে বিশেষ সংগীত গাওয়া হয়ে থাকে। বড়দিনের এক সপ্তাহ আগে থেকেই সন্ধ্যাবেলা গাওয়া হয় সংকীর্তন বা কীর্তন, যা চলে নতুন বছরের প্রথম সপ্তাহজুড়ে।বাংলাদেশে খ্রিষ্টধর্মাবলম্বীদের সংখ্যা নিতান্ত কম হওয়ায় এ দেশের মানুষ খ্রিষ্টধর্মের আচার অনুষ্ঠান সম্পর্কে জানার সুযোগ কম পায়। টেলিভিশন, ইংরেজি সিনেমা, পত্রিকার ছবি অথবা দেশের সোনারগাঁ, শেরাটনসহ পাঁচতারা হোটেলের বড়দিন উদ্যাপন দেখে সাধারণ মানুষ যে ধারণা পায় তা কোনোভাবেই এ দেশের ৯৫ শতাংশ খ্রিষ্টানের বড়দিন উৎসব নয়। তাদের উৎসব কখনোই পাশ্চাত্যের সংস্কৃতি দ্বারা প্রভাবিত নয়, বরং এ দেশের মাটি থেকে উঠে আসা জীবনাচারভিত্তিক একটি পার্বণ। তাই বড়দিনে শহরের কেউ কেউ ‘জিঙ্গেল বেল, জিঙ্গেল বেল’ কিংবা ‘সাইলেন্ট নাইট, হলি নাইট’ শুনলেও গ্রাম-শহরনির্বিশেষে এ দেশের সব খ্রিষ্টান বড়দিনের উপাসনা বা আনন্দ প্রকাশে বাংলা গানই গেয়ে থাকেন। ব্রিটিশ ধর্মপ্রচারক উইলিয়াম কেরি ১৭৯৩ সালে এ দেশে এলে তাঁর মুন্সি ও বাংলা শিক্ষক রাম রাম বসু প্রথম খ্রিষ্ট-সংগীতটি রচনা করেছিলেন বলে জানা যায়। বড়দিনের সময় তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধা, নারী, পুরুষ, শিশু সবাই মিলে কিংবা দলে দলে ভাগ হয়ে বাড়িতে বাড়িতে আনন্দের সঙ্গে কীর্তন পরিবেশন করে। নেচে নেচে, ঘুরে ঘুরে, হাত ধরে কিংবা করতালি দিয়ে দিয়ে এ গান করা হয়। যন্ত্রীরাও থাকেন তাঁদের দলে। তাঁদের কারও কারও গলায় ঝুলতে থাকে গামছা বাঁধা হারমোনিয়াম, খোল কিংবা ঢোল। কেউ কেউ মৃদঙ্গ, করতাল বাজান। অনেক সময় অন্যদের আনন্দ দিতে অনেকে, বিশেষ করে শিশুরা, নিজেদের ভিন্নভাবে সাজায়। গ্রামের বাড়িতে কীর্তন বড়দিনের আনন্দকে একটি বিশেষ মাত্রা দেয়। দূর থেকেই গানের আওয়াজ বাড়ির লোকদের জানান দেয় কীর্তনের দল তাদের বাড়ির উঠানে আসছে। তাঁরা তখন শীত উপেক্ষা করে হাতে হারিকেন, হ্যাজাক লাইট, টর্চ লাইট নিয়ে ঘর থেকে বেরিয়ে গানের দলকে অভ্যর্থনা জানান। কীর্তন দল তখন গান শুরু করে। যিশুখ্রিষ্টকে নিয়ে, তাঁকে অভিনন্দন জানিয়ে নানা গান করা হয়। অঞ্চলভেদে কীর্তনগানের মধ্যেও ভিন্নতা থাকে। বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ অঞ্চলে যে গান গাওয়া হয় তা থেকে ঢাকার কালীগঞ্জ, কেরানীগঞ্জ এলাকার গ্রামগুলোর কীর্তনের পার্থক্য অনেক। প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টানরা যে গান করেন, ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে সে গানগুলো হয়তো ততটা পরিচিত নয়। তার পরও বেশ কিছু কীর্তন আছে, যা সারা দেশেই সমান জনপ্রিয়। এ রকম কয়েকটি কীর্তনের পদাবলি এ রকম: ‘উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজি মহোল্লাসে হেসে হেসে সকলে মিলে।/ ...ধন্য ঈশ-নন্দন, পাপ-তাপ-হরণ, বল ধন্য যিশু, ধন্য যিশু দুবাহু তুলে।’ ‘বল জগতে আনন্দ সমাচার হবে, হবে রে পাপীর উদ্ধার।/...স্বর্গদূতেরা সব গায়, অতি মধুর ভাষায়/ শান্তি-প্রীতি মানবেতে হউক এ ধরায়/ বাঁধো পরস্পরে প্রেমে তাঁর।’বাড়ির লোকজন, প্রতিবেশী, বাড়িতে আগত অতিথি—সবাই কীর্তনে যোগ দেয়। গান শেষে গৃহকর্তা, গৃহকর্ত্রী বড়দিনের পিঠা, কেক, চকলেটের সঙ্গে সময়বিশেষে চা দিয়ে সবাইকে আপ্যায়িত করেন। কীর্তনদল পরবর্তী বাড়ির দিকে রওনা দেওয়ার আগে গৃহকর্তার সামনে একটি থলি এগিয়ে দেয়। গৃহকর্তা নিজের সাধ্যানুসারে থলিতে টাকা রাখেন। অনেক সময় যে একটু বড় অঙ্ক দাবি করা হয় না এমনও নয়। কীর্তন দল এ টাকা দিয়ে কখনো গির্জার জন্য প্রয়োজনীয় কিছু কেনে, কখনো বা বড়দিন শেষে বিশেষ প্রীতিভোজের আয়োজন করে। বড়দিনের সকালে অথবা ২৪ ডিসেম্বর রাতে বিশেষ উপাসনা হয়। এ উপাসনায়ও অনেক গান করা হয়। তার সঙ্গে থাকে বাইবেল থেকে পাঠ, ফাদার বা পুরোহিতের বিশেষ বাণী, প্রার্থনা, শুভেচ্ছা জ্ঞাপন পর্ব ইত্যাদি। বড়দিনে গির্জায় যেসব গান বেশির ভাগ ক্ষেত্রে গাওয়া হয় তার মধ্যে আছে: ‘আজ শুভ বড়দিন, ভাই আজ শুভ বড়দিন/ খ্রিষ্ট যিশু এলেন ভবে ছেড়ে স্বর্গের সিংহাসন।’‘শোন, শোন, শোন, শোন দুনিয়ার শ্রান্ত, ক্লান্ত ব্যথিত নর/ তোমাদেরই মুক্তি লাগি খুলেছে স্বর্গদ্বার।’‘শৃঙ্খল-বন্ধন চূর্ণিতে/ যিশু এল রে আজ গোশালে।’তবে বড়দিনের বেশ কিছু গান আছে, যা ইংরেজি বা অন্য ভাষা থেকে অনূদিত। এসব গান পৃথিবীজুড়ে খ্রিষ্টভক্তরা একই সুরে নিজ নিজ ভাষায় গেয়ে থাকে। এমনই একটি গান ১৮৬৫ সালে আর পি গ্রিভস রচিত ‘হার্ক দ্য হেরাল্ড অ্যাঞ্জেলস সিং, গ্লোরি টু দ্য নিউ বর্ন কিং’। বাংলায় এর ভাষান্তর করা হয়েছে, ‘শোন স্বর্গদূতের রব, নবজাত রাজার স্তব/ ঊর্ধ্বে প্রভুর মহিমা, ভূতলে প্রসন্নতা/ উঠো, সর্ব জাতিগণ, হর্ষে করো আরাধন/ কথা করিও প্রচার, ঈশ্বর হইলেন অবতার।’খ্রিষ্টানদের এ গানের বইয়ে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্তসহ দেশের গানও সংযুক্ত আছে, যা বিভিন্ন সময় উপাসনায় গাওয়া হয়ে থাকে। বড়দিনেও মাঝে মাঝে গাওয়া হয় এমন সব রবীন্দ্র ও নজরুলসংগীতের মধ্যে যথাক্রমে আছে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দরও’, ‘অঞ্জলি লহ মোর সংগীতে’।সুর ও বাণীকে আশ্রয় করে যিশুখ্রিষ্টের উপাসকেরা বড়দিনে নিজেদের স্রষ্টার কাছে নিবেদন করেন, পবিত্র পরমাত্মার সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে সমস্ত পৃথিবীতে—প্রকৃতি ও সৃষ্টিতে ভালোবাসার মন্ত্র ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হন। ভক্তের জীবনে এভাবেই বড়দিন সার্থক হয়ে ওঠে।কেকা অধিকারী: পরিচালক মানবসম্পদ বিভাগ, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ[email protected]