বড়দিনের প্রার্থনার সময় বোমা, নিহত ১৯ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার রাজধানী আবুজার উপশহরের একটি ক্যাথলিক গির্জায় আজ রোববার বড়দিনের প্রার্থনাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত এবং বহু আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশটির জরুরি সেবা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ঘটনাস্থল থেকে টনি আকপেন নামের একজন রয়টার্সকে জানান, এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। তিনি বলেন, ‘আমি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। আমার বাড়িটি কেঁপে উঠেছিল। কী ঘটেছে, তা দেখার জন্য আমি গির্জার সামনে ছুটে যাই। আমি ১৯টি মরদেহ পড়ে থাকতে দেখেছি আর অনেকেরই অঙ্গহানি হয়েছে। এ ছাড়া পাঁচটি যানবাহন বিধ্বস্ত হয়েছে।’সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী আবুজার উপশহর মাদালার একটি ক্যাথলিক গির্জায় বড়দিনের প্রার্থনা চলাকালে বোমাটি বিস্ফোরিত হয়।দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইউসাউ সোইবু টেলিফোনে রয়টার্সকে জানান, ‘আমরা হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য ঘটনাস্থলে রয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স নেই। বেশির ভাগ অ্যাম্বুলেন্সই বড় মহাসড়কগুলোতে রোগী পরিবহনের দায়িত্বে ছিল।’প্রত্যক্ষদর্শীদের একজন জানান, বোমা হামলার সময় গির্জাটি ছিল মানুষে পরিপূর্ণ। তাই এখানে মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে। যদিও সরকারিভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করা যায়নি।টিমথি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে গির্জাতেই ছিলাম। বোমা বিস্ফোরণের শব্দ শোনার পর আমি বাইরে ছুটে যাই। আমি জানি না আমার স্ত্রী ও সন্তান কোথায় আছে।’কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে দেশটিতে কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী বোকো হারাম ইসলামি শরিয়া আইন বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। আর তাদের মোকাবিলা করতে সংগ্রাম করছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইসলামি কট্টরপন্থীদের এ আন্দোলনের ফলে দেশটির মুসলমান ও খ্রিষ্টান সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েছে। আর আজকের এ হামলার জন্য বোকো হারামের দিকেই ইঙ্গিত করা হচ্ছে।