বড়দেশী গ্রামে মাদক ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বড়দেশী গ্রাম যেন মাদক ব্যবসায়ীদের নিরাপদ আস্তানা। থানা-পুলিশ এ তথ্য জানলেও কোনো ব্যবস্থা নেয়নি। গত রোববার রাতে সেখানে গাঁজা কিনতে গিয়ে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত হওয়ার পর পুলিশের টনক নড়েছে। পুলিশ এখন মাদকবিরোধী অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।জানতে চাইলে ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বড়দেশী গ্রামের মাদক ব্যবসায় জড়িত ১০-১২ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা গ্রেপ্তার হলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে। যেকোনো মূল্যে এ গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন তিনি।গ্রামের কয়েকজন বাসিন্দা গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশের সামনেই মাদক ব্যবসা চলে। কিন্তু পুলিশ মাসোহারা খেয়ে চুপ থাকে। এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, এ ধরনের অভিযোগ কেউ করেনি। এলাকাবাসী কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ওই গ্রামে মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। কিছুদিন আগেও সেখান থেকে মাদকসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কেনাবেচার নিয়ন্ত্রণ নিয়ে গত নয় বছরে সহিংসতায় এই গ্রামে চারজন খুন হয়।সাভার থানার পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের এক কর্মকর্তাও সেখানে খুন হয়। ২০০৭ সালের পর থেকে সেখানে র‌্যাবের ‘ক্রসফায়ারে’ মারা গেছে ১৩ জন। এদের মধ্যে ১০ জন বড়দেশী গ্রামের। বাকিরা আশপাশ এলাকার বাসিন্দা।গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আমিনবাজারের বেগুনবাড়ির মেসবাহউদ্দিন ১৯৯৫ সালে প্রথম সীমান্ত থেকে ফেনসিডিলের চালান এনে বিক্রি শুরু করেন। এরপর এর নিয়ন্ত্রণ নেয় বড়দেশীর সামসু মেম্বার, আসলাম, নিহার, গুলজার, লিটন, কাউন্দিয়ার হাত কাটা টিক্কা। তারা দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল থেকে মাদকের চালান নিয়ে আসে এ গ্রামে। এরপর এখান থেকে আশপাশের গ্রাম ও রাজধানীর ভেতরে চলে যায় মাদক। সাভার থানার পুলিশ জানিয়েছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের খাতায় এদের নাম রয়েছে। সন্ত্রাসের অভিযোগে এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।স্থানীয় লোকজন জানান, বড়দেশীর মানুষ মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে গেছে। ফেনসিডিল, গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বেচাকেনা হয় এখানে। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী ও ক্ষমতাধর। তারা থানা-পুলিশকে খুশি রেখে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিন দিকে পানি থাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা সহজে নৌকা নিয়ে বড়দেশী গ্রামে ঢুকতে পারে। ঢাকা থেকে এসে অনেকেই মাদক কিনে নিয়ে যায়।স্থানীয় এক বাসিন্দা জানান, র‌্যাব-পুলিশের টহলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সাড়া মেলেনি। পুলিশ মাঝেমধ্যে এলেও বড়দেশী কাঁচাবাজারের সামনে থেকে ফিরে যায়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) হারেজ সিকদার প্রথম আলোকে বলেন, এক বছর আগে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে লিটন ও নিহার নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।২০০২ সালে বড়দেশী গ্রামে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সাভার থানার এসআই মতিউর রহমান খুন হন। গত কয়েক বছরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ এলাকায় আলতাফ, মামুন, শফি, কাজল খুন হন।২০০৭ সালের ৩ মার্চ আমিনবাজারের সন্ত্রাসী গাংচিল বাহিনীর হাতে দুই র‌্যাব কর্মকর্তা খুন হওয়ার জের ধরে বড়দেশীসহ আশপাশের এলাকায় র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে ১৩ জনের মৃত্যু হয়। র‌্যাবের দাবি, তারা সন্ত্রাসী। বড়দেশীর কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, আমিনবাজার এলাকার বেশির ভাগ লোক পরিবহন ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক। এখানে শিক্ষিতের হার কম। পরিবহনের সুবিধা কাজে লাগিয়ে মাদক ব্যবসা বাড়ছে। ঢাকা মহানগর পুলিশের বাইরে আমিনবাজার। আবার সাভার থানারও শেষ প্রান্তে। তাই পুলিশি তৎপরতাও কম।সন্ত্রাসের জনপদ: ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি বড়দেশী গ্রাম থেকে এইচ ই ৩৬ মডেলের গ্রেনেডসহ নজরুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর র‌্যাব নজরুলের কাছ থেকে একটি গ্রেনেড, দুটি আগ্নেয়াস্ত্র ও নয়টি গুলি উদ্ধার করে। নজরুল জামিনে বের হওয়ার পর ওই বছরের জুলাইয়ে আবার গ্রেপ্তার হয়। তার তথ্যের ভিত্তিতে ওই গ্রাম থেকে একটি আর্জেস গ্রেনেড উদ্ধার করা হয়। এরপর র‌্যাব তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে সে ক্রসফায়ারে মারা যায়।