বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত লাভের ওপর বোনাসের দাবিতে দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনির সহস্রাধিক দেশি শ্রমিক গতকাল সোমবার রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করে। আজ মঙ্গলবারও তা অব্যাহত আছে।দেশি শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁদের বাদ দিয়ে খনিতে কর্মরত পেট্রোবাংলার কর্মকর্তা-কর্মচারীদের একেকজন তিন লাখ ৭৬ হাজার টাকা করে অতিরিক্ত লাভের ওপর বোনাসের টাকা সমান ভাগে ভাগ করে নিয়েছেন। ওই টাকার অংশীদারি দাবি করে তাঁরা কর্মবিরতি শুরু করেছেন বলে জানান।প্রশাসন সূত্রে জানা গেছে, কয়লা খনির মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল জলিল ও উপমহাব্যবস্থাপক (ভূতত্ত্ব) কামরুজ্জামান বিষয়টি সুরাহা করতে শ্রমিকদের সঙ্গে গতকাল ও আজ বৈঠক করেছেন। বৈঠকে শ্রমিকেরা জনপ্রতি ৩০ হাজার টাকা করে দাবি করেন। খনি কর্তৃপক্ষ প্রতিজনকে চার হাজার ২০০ টাকা করে দিতে রাজি হন। এতে শ্রমিকেরা রাজি না হয়ে আজও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে নিচ থেকে কয়লা তোলেন। আশার চেয়ে বেশি লাভ হলে খনি কর্তৃপক্ষ নিজেরাই টাকা ভাগ করে নেয়।কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুজ্জামান জানান, সরকারি বিধি ও কোম্পানির নিয়ম অনুযায়ী প্রোফিট বোনাসের টাকা স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের প্রাপ্য। খনিতে কর্মরত দেশি শ্রমিকেরা চীনাদের অধীনে নিয়োগকৃত। এর পরও মানবিক কারণে তাঁদের চার হাজার ২০০ টাকা করে দিতে চাওয়া হয়েছে।