বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের ধর্মঘট শুরু
চাকরি স্থায়ী করার দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকেরা। এর আগে বড় পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এ ব্যাপারে খনির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু চাকরি স্থায়ী করার বিষয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকেরা পূর্ব ঘোষণা অনুযায়ী ধর্মঘট শুরু করেছে।শ্রমিকদের দাবি, ৭২ মাস ধরে বড়পুকুরিয়া কয়লা খনির এক হাজার ২০০ শ্রমিক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সএমসি নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করছে। চাকরি স্থায়ী করার দাবি জানানো হলে পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়েছিল, এক্সএমসির সঙ্গে কয়লা উত্তোলনের চুক্তির মেয়াদ শেষে নতুন করে চুক্তি করার সময় শ্রমিকদের ওই দাবি বিবেচনা করা হবে। ১০ আগস্ট চুক্তির মেয়াদ শেষ হয়েছে। পেট্রোবাংলার সঙ্গে ওই কোম্পানির পুনরায় ৭২ মাসের চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম এবং কয়লা খনির এমডি প্রকৌশলী মো. কামরুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।