বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় পুনর্বাসনে ১৯১ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাজার ৪৩৮ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে এক হাজার ২০৭ কোটি টাকা। আর প্রকল্প সহায়তা হিসেবে উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে পাওয়া যাবে এক হাজার ২৩১ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর পুনর্বাসন। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি টাকা।একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের জানান, বড়পুকুরিয়া খনি এলাকায় তিন হাজার ৩৮৩ জনকে পুনর্বাসন করা হবে। ওই এলাকার কৃষিজমির জন্য প্রতি একরে ২০ লাখ টাকা, বসতবাড়ির ক্ষেত্রে প্রতি একরে ২৫ লাখ টাকা এবং ভূমিহীন ৩১৮ জনকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে—৯৫৯ কোটি টাকার রেলওয়ে অ্যাপ্রোচসহ কিশোরগঞ্জের ভৈরবে দ্বিতীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাসে দ্বিতীয় সেতু নির্মাণ; ৩৯১ কোটি টাকার নারায়ণগঞ্জ শহরের মদনপুর ও বন্দর উপজেলার সৈয়দপুর নামক স্থানে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণ; ১১৪ কোটি টাকার টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা; ৪২ কোটি টাকার ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ জেলার অন্তর্গত লংগন, বেমালিয়া ও বলভদ্র নদী পুনর্খনন। এ ছাড়া আছে ৩৭৮ কোটি টাকার বিবিয়ানা-কুমিল্লা ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ; ৫৫ কোটি টাকার মহিলা ও শিশু ডায়াবেটিস, এন্ডোক্রিন ও মেটাবলিক হাসপাতাল তৈরি; ৬৩ কোটি টাকায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন; ৯৪ কোটি টাকার চিম্বুক-থানচি ও দীঘিনালা-মারিশ্যা সড়কের অবশিষ্ট কাজের নির্মাণ এবং ১৬৪ কোটি টাকার পার্বত্য চট্টগ্রাম বিদ্যুত্ বিতরণ উন্নয়ন প্রকল্প।