বড়পুকুরিয়া কয়লাখনিতে তাণ্ডব, সব কর্মকাণ্ড বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে গতকাল মঙ্গলবার চীনা কর্তৃপক্ষের নিয়োগ করা দেশি শ্রমিকদের কর্মবিরতি চলাকালে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রমিকেরা তাঁদের মিছিলে গাড়ি তুলে দেওয়ার অভিযোগ করেছেন। এতে তিনজন শ্রমিক আহত হন। এর জের ধরে শ্রমিকেরা খনির একজন কর্মকর্তা ও গাড়িচালককে মারধর করেন। পরে কর্মকর্তা-কর্মচারীদের তাঁরা ভেতরে অবরোধ করে রাখেন। সেখানকার সব কর্মকাণ্ড বন্ধ রয়েছে। খনি কর্তৃপক্ষ কাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দায়ী শ্রমিকদের গ্রেপ্তারে সময় বেঁধে দিয়েছে। অন্যথায় খনির কর্মকর্তা ও শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে খনির ভেতরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বেতন বৃদ্ধির দাবি ও ত্রিপক্ষীয় চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে খনির সহস্রাধিক দেশি শ্রমিক গত সোমবার রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন। খনিশ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল বেলা পৌনে ১১টার দিকে আবাসিক ফটকের সামনে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। এ সময় খনির গাড়িচালক রফিক মিয়া মিছিলের ওপর সাদা রঙের একটি পিকআপ ভ্যান তুলে দেন। এতে শ্রমিক নুরনবী (২২), আখতারুজ্জামান (২৭) ও আবুল কালাম (৩০) আহত হন। নুরনবী ও আবুল কালামকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আখতারুজ্জামান প্রাথমিক চিকিৎসা নেন।ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকেরা খনির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. সানাউল্লাহ ও গাড়িচালক রফিককে মারধর করেন। এরপর খনির ফটকের সামনে রেলক্রসিংয়ের পাশে গাড়িচালক রফিকের ছেলে মামুনের বাড়িতে তাঁরা হামলা চালান। এ সময় শ্রমিকেরা একটি মোটরসাইকেল, টিভি, তিনটি সাইকেল ভাঙচুর করেন। পাশের একটি বাড়িতেও হামলা চালানো হয়। ওই বাড়ির গৃহবধূ তমালিকা সুলতানা প্রথম আলোকে বলেন, হামলাকারীরা তাঁকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরের আসবাব ভাঙচুর ও তছনছ করে। সোনার গয়নাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। খনি কর্তৃপক্ষের ভাষ্য, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএনসি-এক্সএমসি কনসোর্টিয়ামের নিয়োগ করা শ্রমিকেরা বিনা কারণে খনি কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন। পিকআপ ভ্যানে খাদ্য নিয়ে খনির ভেতরে আসার সময় শ্রমিকেরা কর্মকর্তা সানাউল্লাহ ও গাড়িচালক রফিক মিয়াকে মারধর করেন। এতে দুজনের মাথা ফেটে যায়। তাঁরা এখন খনির ভেতর চিকিৎসাধীন।খনির কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. হাবিব উদ্দিন বলেন, ‘শ্রমিকেরা লাঠি হাতে খনির ফটকে বসে আছেন। যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তাঁদের ভয়ে পরিবার নিয়ে আমরা শঙ্কিত।’ শ্রমিকদের ভাষ্য, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান, বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ ও দেশি শ্রমিকদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে ২০০৮ সালে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তিতে উল্লেখ করা হয়, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে শ্রমিকদের বেতন নির্ধারণ করা হবে। বারবার তাগিদ দেওয়ার পর কোম্পানির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি সুরাহার জন্য ২০ মার্চ পর্যন্ত সময় নেন। গত ১৮ মার্চ চীনা প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিও জানান, এপ্রিল মাসের আগে বেতন-ভাতাসংক্রান্ত আলোচনা সম্ভব হবে না। এতে বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতি শুরু করেছেন। কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, আন্দোলন-সংগ্রাম ছাড়া কখনো শ্রমিকদের দাবি কর্তৃপক্ষ মানে না। তাদের নিজের দোষ শ্রমিকদের ঘাড়ে চাপাতে চায়। চালক রফিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ শ্রমিকদের ন্যায়সংগত দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। গতকাল বিকেল পাঁচটার দিকে খনি কর্তৃপক্ষ উপস্থিত সাংবাদিকদের কাছে লিখিত বিবৃতি হস্তান্তর করে। এ সময় কয়লাখনি কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (খনিজ) মো. কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক (ভূগর্ভস্থ অপারেশন) হাবিব উদ্দিন আহম্মদ, কয়লাখনি কর্তৃপক্ষের শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাসেম সিকদার ও সাধারণ সম্পাদক মো. জাফর সাদিকসহ ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, ওই চীনা প্রতিষ্ঠানের শ্রমিক প্যানেলে এখন এক হাজার ৩৮ জন শ্রমিক রয়েছেন। এর মধ্যে ৫০০ থেকে ৬০০ শ্রমিক প্রতিদিন খনিতে কাজ করে আসছিলেন। তাঁদের দাবি-দাওয়া পূরণের দায়িত্ব চীনা প্রতিষ্ঠানের, খনি কর্তৃপক্ষের নয়। এত দিন মানবিক কারণে এসব শ্রমিকের দাবি পূরণে খনি কর্তৃপক্ষ সহযোগিতা করেছে। এখন থেকে তারা আর এ ব্যাপারে এগোবে না। বিবৃতিতে গতকালের ঘটনা তদন্ত করে দায়ী শ্রমিকদের বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় কর্মকর্তা ও কর্মচারীরা লাগাতার কর্মবিরতি শুরু করবেন। বিবৃতিতে অভিযোগ করা হয়, পুলিশের উপস্থিতিতে শ্রমিকেরা মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটালেও তারা নীরব ছিল। খনির কর্মকর্তা ও কর্মচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুজ্জামান বলেন, খনির কর্মকর্তা-কর্মচারীকে শ্রমিকদের লাঞ্ছিত করার ঘটনা দুঃখজনক। এ অবস্থা চলতে থাকলে খনির ভবিষ্যত্ হুমকির মুখে পড়বে। দিনাজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মো. শওকত আলী বলেন, ঘটনার সময় খনির ভেতর পর্যাপ্ত পুলিশ না থাকায় তাঁদের কিছু করার ছিল না। পরে খনির ভেতর ও বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।