বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনা, ১ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূ-গর্ভে দুর্ঘটনায় একজন দেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৭ জন দেশি ও তিন চীনা শ্রমিককে। নিহত ব্যক্তির নাম রণজিত্ (৪৬)। তাঁর বাড়ি পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভূ-পৃষ্ঠ থেকে এক হাজার ৭০০ ফুট গভীরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত বড়পুকুরিয়া মেডিকেল সেন্টারে চিকিত্সাধীন শ্রমিক রাজ্জাক (৩২) ও মিজু (৩১) জানান, খনির ১১০৮ নম্বর ফেইসে কয়লা তোলার কাজ চলছিল। মঙ্গলবার (গতকাল) সকাল সাড়ে ১০টার দিকে হঠাত্ বিকট আওয়াজ হয় এবং ওই ফেইসের ৩ ও ৪ নম্বর সড়কের প্রায় আধা কিলোমিটার অংশের ছাদ ধসে পড়ে। সঙ্গে সঙ্গে খনির ভেতর অন্ধকার হয়ে যায়। চিত্কার করে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন আটকেপড়া দেশি-বিদেশি শ্রমিকেরা ।আহত শ্রমিকেরা জানান, খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করতে শতাধিক দেশি শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে ভূ-গর্ভে নামেন। তাঁরা রণজিত্ নামে একজনের লাশ এবং ১৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। গুরুতর আহত দেশি শ্রমিক নূরুজ্জামান, আবদুর রহিম, রাজিব, আবদুল খালেক, কুদ্দুছ, শাহাদাত্, লিটন, নূরবখত, মোস্তফা, জাহাঙ্গীর ও রিয়াজুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডালিম, রাজ্জাক, মিজু, রব্বানী ও মানিককে বড়পুকুরিয়া কয়লাখনি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ছাড়া লি ও লিন নামে আহত দুই চীনা শ্রমিককেও বড়পুকুরিয়া কয়লাখনি মেডিকেল সেন্টারে চিকিত্সা দেওয়া হচ্ছে। উদ্ধারকাজ চলাকালে বেলা দুইটার সময় খনির ভেতর থেকে বেরিয়ে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম জানান, রণজিত নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার জন্য কয়লাখনি ও চীনা কর্তৃপক্ষকে দায়ী করে রবিউল বলেন, কয়লা তোলার আগে ফেইস উন্নয়নের সময় সড়ক বা পথ নির্মাণ করা হয়। কয়লা তুলে পথের ওপর এবং দুই পাশে কাঠ ও লোহার অ্যাঙ্গেল দিয়ে মজবুত করে আটকে দেওয়া হয়। কিন্তু ১১০৮ নম্বর ফেইসের উন্নয়নকাজে নিম্নমানের ও পুরোনো কাঠ ব্যবহার করা হয়েছে। যে স্থানে ধসের ঘটনা ঘটেছে সেটি ত্রুটিপূর্ণ ছিল। সোমবার মেরামতকাজ করলেও শেষ পর্যন্ত গতকাল ওই স্থানেই দুর্ঘটনা ঘটে। রবিউল অভিযোগ করেন, শ্রমিকেরা ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে নামলেও কর্তৃপক্ষের কেউ এ তত্পরতায় অংশ নেননি।দুর্ঘটনার খবর পেয়ে শ্রমিকদের অনেক স্বজন খনি এলাকায় ছুটে আসেন। তাঁরা খনির দুই প্রধান ফটকে কান্নাকাটি শুরু করেন। বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক (ক্রয়) এ বি এম কামরুজ্জামান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, খনির অভ্যন্তরে রাস্তার ওপর ছাদের কাঠ ও লোহার অ্যাঙ্গেল ভেঙে পড়েনি। কয়লা ও পাথরের চাপ বেড়ে তা ধসে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে।কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিন দুর্ঘটনায় রণজিত নামে একজন দেশি শ্রমিক নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দুর্ঘটনার সময় ঠিক কতজন দেশি ও বিদেশি শ্রমিক কাজ করছিলেন, সে হিসাবও তিনি জানাতে পারেননি।গতকাল রাত পৌনে নয়টার দিকে খনি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সব শেষে সুইং নামে এক চীনা শ্রমিককে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে পৌনে আটটার দিকে মো. আলী নামে এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে ভর্তি করা হয়েছে বড়পুকুরিয়া মেডিকেল সেন্টারে। দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শামসুল আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মো. শওকত আলীসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুরে বড়পুকুরিয়ায় যান। ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার জন্য খনি এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।