বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আজ বুধবার তৃতীয় দিনের মতো ধর্মঘট চলছে। সকাল থেকেই খনির প্রধান ফটকের সামনে তেঁতুলতলায় এক হাজারেরও বেশি শ্রমিক জমা হতে থাকেন। তাঁরা কিছুক্ষণ পরপরই বিক্ষোভ মিছিল বের করছেন। পরিস্থিতি সামলাতে খনির দুই ফটকের সামনে ও প্রশাসনিক ভবনের ভেতরে র্যাব ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। খনিতে তিন দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ বলে শ্রমিকেরা দাবি করেছেন। তবে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান দাবি করেন, চীনা শ্রমিকেরা কয়লা উত্তোলন করছে। তবে কম পরিমাণে কয়লা উত্তোলনের কাজ চলছে। কয়লাখনি সূত্রে জানা যায়, ২০০৯ সালে কয়লা বিক্রির লভ্যাংশের টাকা খনিতে কর্মরত পেট্রোবাংলার কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যেকে তিন লাখ ৭৬ হাজার করে নেয়। কিন্তু দেশি শ্রমিকদের কোনো টাকা দেওয়া হয়নি। পাওনা টাকা দাবি করলে কর্তৃপক্ষ শ্রমিকদের চার হাজার ২০০ টাকা করে দিতে চায়। আন্দোলনকারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, প্রত্যেক দেশি শ্রমিককে ৩০ হাজার টাকা বোনাস না দিলে ধর্মঘট চলতে থাকবে। এদিকে কয়লাখনি থেকে প্রতিদিন যেখানে গড়ে তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হতো, ধর্মঘটের জন্য সেখানে এখন ৫০০ থেকে ৭০০ মেট্রিক টন কয়লা উত্তোলন হচ্ছে। খনির পার্শ্ববর্তী তাপ বিদ্যুেকন্দ্রে প্রতিদিন দুই হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়। এ অবস্থা চলতে থাকলে তাপ বিদ্যুেকন্দ্র সচল রাখা কঠিন হয়ে পড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।