বড়পুকুরিয়া কয়লাখনির কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ
কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে আমন ফসলের ক্ষতিপূরণ প্রদানসহ তিন দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে খনি এলাকার ভেতরে ফুলবাড়ী ও বড়পুকুরিয়া আঞ্চলিক শাখা তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি এ কর্মসূচি পালন করছে। কমিটির নেতারা জানান, খনির কর্মকর্তা-কর্মচারীদের ৪৮ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হবে। ফসলের ক্ষতিপূরণ প্রদান, বসতভিটা ও জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের অপতত্পরতা বন্ধের দাবিতে ওই কর্মসূচি পালন করা হচ্ছে।এখন আন্দোলনকারীরা খনির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে। তবে কয়লা উত্তোলন স্বাভাবিক রয়েছে।জাতীয় কমিটির সদস্য ও ছয় থানার সমন্বয়ক আমিনুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত লোকের পাঁচ মাসেও ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সরকার এলাকার মানুষকে উচ্ছেদ করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ষড়যন্ত্র চালাচ্ছে।বড়পুকুরিয়া কয়লাখনিতে থেকে কয়লা উত্তোলনের ফলে পার্শ্ববর্তী ১০টি গ্রামের বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলের জমি দেবে গেছে।