বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের ধর্মঘট অবশেষে প্রত্যাহার
চাকরি স্থায়ীকরণসহ বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আন্দোলনরত শ্রমিকেরা ১৬ দিন পর আজ মঙ্গলবার বিকেলে তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।আজ দুপুর ১২টার দিকে পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে শ্রমিকনেতাদের সঙ্গে এক বৈঠকে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দেয়। বৈঠক চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন।বৈঠক শেষে বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্ত থেকে আমরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। সরকার তথা খনি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।’ তবে আলোচনার বিস্তারিত বিষয় কাল বুধবার বড়পুকুরিয়া কয়লাখনি প্রাঙ্গণে শ্রমিকদের উপস্থিতিতে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।জানা গেছে, বৈঠকে খনি কর্তৃপক্ষ প্রত্যেক শ্রমিককে রেশনিং হিসেবে প্রতি মাসে ২০ কেজি করে চাল প্রদান এবং বর্ধিত বেতনের সঙ্গে সব শ্রমিককে প্রতি মাসে আরও ৪৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়। এ ছাড়া প্রতি মাসে ৭০ হাজার টন কয়লা উত্পাদন করতে পারলে দক্ষ শ্রমিকেরা জনপ্রতি ১৭ হাজার ৪০ টাকা এবং অদক্ষ শ্রমিকেরা পাবেন নয় হাজার ৬০০ টাকা। উত্পাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হলেও দক্ষ শ্রমিকেরা পাবেন ১৪ হাজার এবং অদক্ষরা পাবেন নয় হাজার টাকা। পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মনসুরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি, দিনাজপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহম্মেদ, কয়লাখনির কর্মকর্তা, আন্দোলনকারী শ্রমিকদের প্রতিনিধিসহ অনেকেই।উল্লেখ্য, তৃতীয় পক্ষের মাধ্যমে পে-স্কেলভিত্তিক বেতন কাঠামো, চাকরি স্থায়ীকরণ, সরকারি ছুটি, বাত্সরিক ছুটি ও মৃত্যুজনিত ক্ষতিপূরণের দাবিতে গত ২২ আগস্ট থেকে বড়পুকুরিয়া কয়লাখনির প্রায় এক হাজার ২০০ বাংলাদেশি শ্রমিক অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।