বড়পুকুরিয়া কয়লাখনির সামনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের অনশন
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির প্রধান গেটের সামনে আজ বুধবার বেলা ১১টা থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে গ্রামবাসীর সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে। তারা জানায়, ‘কাফনের কাপড় পরে অনশন করতে এসেছি। পূর্ণাঙ্গ সমাধান না নিয়ে বাড়ি ফিরে যাব না। প্রয়োজনে এই কাফনের কাপড় পরেই পরকালে চলে যাব।’ কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল বলেন, খনি কর্তৃপক্ষ ও পেট্রোবাংলার কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রতিবারই গড়িমসি করে তাদের সেসব দাবি পূরণ করা হচ্ছে না। তাই দাবি আদায়ের জন্য এলাকাবাসীরা আমরণ অনশন শুরু করেছে। এদিকে কয়লাখনি কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে যথেষ্ট আন্তরিক। তারা বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছে। উল্লেখ্য, খনিতে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার কারণে কালুপাড়া, বলরামপুর, মৌপুকুরসহ ১০টি গ্রামে বাড়িঘর ও আবাদি জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূকম্পনের কারণে বিভিন্ন বাড়িতে ফাটল ধরেছে। অনেক বাড়ি দেবে যাচ্ছে। এলাকাবাসী খনি কর্তৃপক্ষের কাছে দীর্ঘকাল ধরে এসব ক্ষয়ক্ষতি পূরণের দাবি জানিয়ে আসছে।