বড়পুকুরিয়া খনি থেকে নতুন প্রযুক্তিতে কয়লা তোলা শুরু
বড়পুকুরিয়া খনিতে নতুন প্রযুক্তি ব্যবহার করে কয়লা তোলা শুরু হয়েছে। তবে নতুন প্রযুক্তিতে উত্তোলিত কয়লার পরিমাণ বাড়ার কথা থাকলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অভাবে তা হচ্ছে না। নতুন প্রযুক্তিটির নাম ‘লং ওয়াল টপ কোল কেইভিং (এলটিসিসি)’। ২০০৫ সাল থেকে ‘লং ওয়াল’ প্রযুক্তিতে কয়লা তোলার কাজ চলছিল। খনি কোম্পানির (বিসিএমসিএল) সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, নতুন প্রযুক্তিতে কয়লা উত্তোলনের হার প্রায় ৫০ শতাংশ বাড়ার কথা। কিন্তু স্থানীয় কিছু লোকের অসহযোগিতার কারণে নতুন প্রযুক্তি ব্যবহারের আগে খনি এলাকায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে না পারায় তা হচ্ছে না।বড়পুকুরিয়া খনি থেকে প্রাথমিকভাবে প্রতিবছর ১০ লাখ টন কয়লা তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু আগের প্রযুক্তিতে বছরে ছয় থেকে আট লাখ টনের মধ্যে উত্তোলন সীমাবদ্ধ ছিল। নতুন প্রযুক্তিতে বছরে ১০ থেকে ১২ লাখ টন কয়লা উত্তোলন করার কথা।কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য এক কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) মার্কিন ডলারের যন্ত্রপাতি কেনা হয়েছে। এই যন্ত্রপাতির দক্ষ ব্যবহারের জন্য খনি এলাকায় পাঁচটি গর্ত (বোর হোল) খনন করে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার ছিল। গত ডিসেম্বরে একটি গর্ত খনন করাও হয়েছিল। কিন্তু দ্বিতীয়টি করার সময় এলাকার কিছু লোক বাধা দেন। অথচ ওই জায়গা খনির জন্য সরকারের অধিগ্রহণ করা। জায়গাটির জন্য ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। তবে ওই এলাকার কয়েকজন লোক বলেছেন, ক্ষতিপূরণের টাকা এখনো কিছু বাকি আছে। সর্বমোট ১৬০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা। এ পর্যন্ত দেওয়া হয়েছে ১৫০ কোটির মতো। তা ছাড়া কিছু লোক আছেন, যাঁরা বাড়তি সুবিধা পেতে খনির কাজে মাঝেমধ্যেই বিঘ্ন সৃষ্টি করেন। বিসিএমসিএলের কর্মকর্তারা জানান, অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক পরিবেশ বিবেচনায় বড়পুকুরিয়া পৃথিবীর সবচেয়ে জটিল খনিগুলোর একটি। খনিটির কয়লার স্তর প্রায় ৩৬ মিটার পুরু, যা ১২ তলা ভবনের সমান। সুড়ঙ্গ পদ্ধতিতে (আন্ডারগ্রাউন্ড মাইনিং) কয়লাস্তরের মাত্র তিন মিটার কেটে আনা হচ্ছিল। আর নতুন পদ্ধতিতে ছয় মিটার করে কেটে আনা যেত। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে না পারায় খনির পুরোনো তথ্যের ওপর নির্ভর করে নতুন পদ্ধতি প্রয়োগ করতে হচ্ছে। ফলে নিরাপত্তাজনিত কারণে কয়লার স্তরের পাঁচ মিটার করে কেটে আনা হচ্ছে।জানতে চাইলে বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় গর্ত করে তথ্য নিতে পারলে উত্তোলন বাড়ানো যেত। বর্তমানে যেখান থেকে কয়লা তোলা হচ্ছে (১২১০ নম্বর ফেজ), আগামী আগস্ট মাসে তা শেষ হবে। পরের পর্যায় শুরুর আগে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের চেষ্টা করা হবে।