বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের পানি সরবরাহ বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও পানির দাবিতে ২৬ অক্টোবর থেকে দিনাজপুরের কয়লাভিত্তিক ২৫০ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে পানি সরবরাহ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে পানি ও বিদ্যুৎ সংগ্রাম কমিটি। একই সঙ্গে প্রশাসন বাধা দিলে খনি এলাকার সামনে অনির্দিষ্টকালের জন্য রেলপথ-রাজপথ অবরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছে তারা।আজ বুধবার বেলা ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা এ ঘোষণা দেন। জানা গেছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য তাপ বিদ্যুৎকেন্দ্র এলাকার দুধিপুকুর, রামভদ্রপুর, ইসবপুর, শেরপুরসহ ১০ গ্রামের আশপাশে ১৪টি বড় ধরনের পাম্প বসানো আছে। এতে ভূগর্ভ থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি তোলা হচ্ছে। ফলে ওই গ্রামগুলোতে অনেক দিন থেকে বিশুদ্ধ খাওয়ার পানি ও সেচকাজের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সদস্যসচিব মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বলেন, গ্রামবাসীর সমস্যা-সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা বলা হয়েছে। তাঁরা শুধুই আশ্বাস দেন। দিনাজপুর জেলা প্রশাসক গত ২৫ সেপ্টেম্বর কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে ১৫ দিনের মধ্যে সমস্যা নিরসনের আশ্বাস দেন। পরবর্তী সময়ে আরও ১৫ দিন সময় চান। নির্ধারিত সময়ের মধ্যে তিনি গ্রামে এসে স্থানীয়দের আশার বাণী শোনাবেন বলে আশ্বাস দেন। এখন পর্যন্ত কমিটির কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, ২৫ অক্টোবর মধ্যরাতের মধ্যে সমস্যার নিরসন করা না হলে ২৬ অক্টোবর সকাল থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের পানি সরবরাহ বিচ্ছিন্ন করা হবে। প্রশাসন বাধা দিলে খনির সামনে রেলপথ ও রাজপথ অবরোধ এবং তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ হালদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় ব্যক্তিদের সমস্যা নিরসনের ব্যপারে চেষ্টা চলছে। শিগগির সমাধানও হবে। তবে সময় দিতে হবে, অস্থির হলে চলবে না।