বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তদের আমরণ অনশন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পার্শ্ববর্তী এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা তাদের আমরণ অনশন কর্মসূচি গতকাল বৃহস্পতিবার রাতে স্থগিত ঘোষণা করেছে। ৩০ জানুয়ারির মধ্যে দাবিগুলো না মানলে তারা ফের আমরণ অনশন করবে। ভূমি অধিগ্রহণের অর্থের দাবিতে ক্ষতিগ্রস্তরা এ অনশন কর্মসূচি পালন করছিল। অনশনকারীরা জানায়, প্রশাসন ৩০ জানুয়ারির মধ্যে অধিগ্রহণের পুরো অর্থসহ অন্য দাবিগুলো মেনে নেওয়ার আভাস দিয়েছে। অনশনকারীদের শারীরিক অবস্থাও ভালো নেই। এসব দিক বিবেচনা করে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।গত সোমবার দুপুর থেকে ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের বাসিন্দারা ভূমি অধিগ্রহণের অর্থসহ ১০ দফা দাবিতে খনির প্রধান ফটকের সামনে তিন দিনব্যাপী গণ-অনশন কর্মসূচি শুরু করে। প্রশাসন ওই সময়ে বিষয়টি সুরাহার পদক্ষেপ না নেওয়ায় বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা আমরণ অনশন করে। এতে ১৭ জন অনশনকারী অসুস্থ হয়ে পড়ে।দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস ও জেলা অধিগ্রহণ কর্মকর্তা মাজহারুল ইসলাম গতকাল বিকেলে ঘটনাস্থলে যান। তাঁরা ক্ষতিগ্রস্তদের অবকাঠামো বাবদ ১১৩টি হোল্ডিংয়ের পাঁচ কোটি ২৬ লাখ ১৬ হাজার ৩৯৯ টাকার চেক দেওয়া হবে বলে অনশনকারীদের জানান। জানা গেছে, সন্ধ্যা থেকে বড়পুকুরিয়া কয়লা খনির ট্রেনিং সেন্টারে প্রশাসনের সঙ্গে অনশনকারী নেতাদের বৈঠক চলে। অবশেষে অনশনকারীরা রাত পৌনে ১০টার দিকে অর্থের চেক নিতে রাজি হয় এবং কর্মসূচি স্থগিত করে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন বলেন, আন্দোলনকারীরা তাদের কর্মসূচি তুলে নিয়েছে। অনেকে রাতেই অবকাঠামো বাবদ অর্থের চেক নিয়ে গেছে।