দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে চলতে থাকা শ্রমিক ধর্মঘটের অবসান ঘটেছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম ও শ্রমিকদের মধ্যে টানা ছয় ঘণ্টা বৈঠকের পর সমঝোতা হলে গতকাল শনিবার ভোর ছয়টায় শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেন। জেলা ও পুলিশ প্রশাসন এবং খনি কর্তৃপক্ষের মধ্যস্থতায় এ বৈঠক হয়। খনিতে টানা ১০২ ঘণ্টা অচলাবস্থা চলার পর গতকাল দুপুর ১২টার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন।সমস্যা সমাধানে খনি এলাকায় উপস্থিত থেকে দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যান পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. ওবায়দুল্লাহ্, দিনাজপুরের জেলা প্রশাসক মো. আবদুল জলিল ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ শওকত আলী। এই আলোচনার ফলে দুই পক্ষ বৈঠকে বসতে রাজি হয়। বৈঠকে চীনা প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন ২২ শতাংশ বাড়াতে রাজি হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল সরকারি রেশন হিসেবে পাবেন।আন্দোলনকারী শ্রমিক সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম নূরুজ্জামান প্রথম আলোকে জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে খনির আবাসিক এলাকার অতিথিশালা ‘পরিবর্তন’-এ এই দ্বিপক্ষীয় বৈঠকটি শুরু হয়। ভোর পাঁচটা পর্যন্ত তা চলে। বৈঠকে সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের পক্ষে চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর লি ওয়ে চ্যাং, দূতাবাসের প্রথম সচিব জু ওয়েই, এক্সএমসির মিশন প্রধান ল্যু উইং ঝুংসহ ১০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শ্রমিকদের পক্ষে মো. রবিউল ইসলাম ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূর ইসলামের নেতৃত্বে ২০ জন অংশ নেন। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. কামরুজ্জামান, কয়লাখনির মহাব্যবস্থাপক (খনি) মীর আবদুল মতিন, দিনাজপুর পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জিত কুমার সাহা, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল-ফেরদৌস প্রমুখ। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে শ্রমিকদের সমঝোতা হওয়ার পর ভোর পাঁচটার দিকে জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার বৈঠকে যোগ দেন। সাংবাদিকদের উপস্থিতিতে জেলা প্রশাসক মো. আবদুল জলিল বলেন, পেট্রোবাংলার সঙ্গে চুক্তি অনুযায়ী সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম ২০১১ সালের জুলাই পর্যন্ত খনি উন্নয়নে কাজ করবে। এই সময়ের মধ্যে তারা খনির প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে তুলবে। চীনা দূতাবাসের প্রথম সচিব জু বলেন, চীনারা চুক্তির প্রতিটি শর্ত ও বিধি মেনে চলবে। খনি উন্নয়নে চুক্তির মেয়াদ পর্যন্ত শর্ত মেনে চলতে শ্রমিকদের প্রতি তিনি আহ্বান জানান।ভোর ছয়টার দিকে বৈঠকে যোগ দেওয়া শ্রমিকনেতারা খনির প্রধান ফটকে অপেক্ষমাণ শ্রমিকদের কাছে আসেন। এ সময় এস এম নূরুজ্জামান, মো. রবিউল ইসলাম ও নূর ইসলাম শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন। রবিউল বলেন, এখন থেকে শ্রমিকেরা তাঁদের নির্ধারিত বেতনের ২২ শতাংশ টাকা বেশি পাবেন। প্রতি মাসে ৩০ কেজি চাল রেশন হিসেবে পাবেন। দুই ঈদে দুই দিন ছুটি পাবেন। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে চীনা প্রতিষ্ঠান। ২০১১ সালের জুলাই মাসে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ দেবে খনি কর্তৃপক্ষ। মো. নূর ইসলাম গত ২২ মার্চ থেকে শুরু হওয়া রেল ও সড়ক অবরোধসহ সব কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেন। দেশের উন্নয়নে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে প্রয়োজনীয় কয়লা জোগান দিতে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান। খনি থেকে প্রতিদিন কমপক্ষে পাঁচ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনে কাজ করতে বলেন শ্রমিকদের। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন। বেতন-ভাতা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, ছুটি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে চীনা প্রতিষ্ঠানের নিয়োগ করা এক হাজার ৩৮ জন শ্রমিক ২২ মার্চ রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। কয়লাখনির ভেতরে ভূগর্ভে ও ভূমিতে কর্মরত শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন।