বড়পুকুরিয়ায় শ্রমিকদের রাজপথ ও রেলপথ অবরোধ চলছে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা আজ শুক্রবার রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন।গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করেন। তাঁরা ফুলবাড়ী-পার্বতীপুর মহাসড়কের ওপর কাঁটাতার ফেলে রাজপথও বন্ধ করে দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন।উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনির চলমান সংকট নিরসনে গতকাল বৃহস্পতিবার শ্রমিকনেতাদের সঙ্গে খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুল হক, ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ও খনির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের সঙ্গে তাঁরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। ফলে শ্রমিকেরা গতকাল রাত থেকে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা গত সোমবার মধ্যরাত থেকে আন্দোলন করছেন। ওই দিন থেকে বড়পুকুরিয়া কয়লাখনির উত্পাদন বন্ধ আছে।