বড়পুকুরিয়ায় ৫০০ জনকে আসামি করে দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় খনি অবরোধকারী ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুটি মামলাতেই ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংগঠন ‘বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক মো. ইব্রাহীম খলিল, সদস্যসচিব বেলাল হোসেন, সদস্য ওসমান গণি, রেজাউল হক, ওয়াহেদুল ইসলাম ছাড়াও অজ্ঞাত আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। কয়লাখনির উপব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান ও পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শম্ভু দাস গুপ্ত বাদী হয়ে গতকাল সোমবার গভীর রাতে মামলা দুটি করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী অবরোধ সৃষ্টি করে সমাবেশ করে। বেলা দেড়টার দিকে পুলিশ অবরোধকারীদের সরে যেতে অনুরোধ করলে তারা পুলিশের অনুরোধ প্রত্যাখ্যান করে। পরে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ পরিস্থিতিতে আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। ক্ষুব্ধ গ্রামবাসী জোটবদ্ধ হয়ে খনি গেটে ভাঙচুর চালায়, দুটি মোটরসাইকেল ও পাঁচটি সাইকেল পুড়িয়ে দেয়। তারা প্রধান ফটকের সিসি ক্যামেরাও ভাঙচুর করে। উভয় পক্ষে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ ও র্যাব সদস্যসহ ১৬ ব্যক্তি আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৩টি গুলি ছোড়ে। মামলা সম্পর্কে মো. ইব্রাহীম খলিল বলেন, এ ঘটনার জন্য প্রশাসনই দায়ী। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশ অতর্কিত ও উসকানিমূলকভাবে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। প্রশাসনের নির্দেশেই পুলিশ এ হামলা চালায়। তিনি বলেন, ‘মিথ্যা, ভিত্তিহীন অভিযোগে দায়ের করা এ মামলায় আমরা ভীত নই।’উল্লেখ্য, কয়লা উত্তোলনের কারণে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার আট গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষ তাদের ঘরবাড়ি, আবাদি জমি, ফসলের ক্ষতি, গাছপালা, ব্যবসাপ্রতিষ্ঠান ও পুনর্বাসনসহ শতভাগ ক্ষতিপূরণের সরকারি প্যাকেজের ১৯০ কোটি টাকা ঘোষণা করে। এর মধ্যে অবশিষ্ট ৭৫ কোটি টাকা পরিশোধের দাবিতে গত ১৮ জুন থেকে খনির প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছিল তারা। দীর্ঘ ২২ দিনের অবস্থান ধর্মঘটের পরেও প্রশাসনের সাড়া না পাওয়ায় গতকাল কয়লাখনি অবরোধ কর্মসূচি শুরু করে। তবে সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় অবস্থানরত স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে আন্দোলনকারীদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পাওনা পরিশোধের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।