বড়লেখায় প্রথম আলো গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাঠকেরা আজ মঙ্গলবার প্রথম আলো পাননি। দারাদ আহমেদের লোকজন স্থানীয় হকারের কাছ থেকে প্রতারণা করে সব পত্রিকা ছিনিয়ে নিয়েছেন। এ ঘটনায় আজ বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন বড়লেখার পত্রিকা এজেন্ট গোপাল দেব।আজ প্রথম আলোয় বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দারাদ আহমেদের প্রতারণা নিয়ে ‘ছয় কোটি টাকা আত্মসাৎ’ এবং ‘রবীন্দ্রপ্রেমী সেজে দারাদের প্রতারণা/সাংস্কৃতিক কেন্দ্র নয়, এটি মসজিদ’ শীর্ষক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।মৌলভীবাজারের বিভিন্ন এজেন্টের কাছে পত্রিকা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা শুকুর মিয়া বলেন, ‘মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারের কাছে একটি পাজেরো জিপে করে তিনজন লোক আসে। এদের সঙ্গে বড়লেখার পত্রিকার এজেন্ট গোপাল দেবের হকার কয়েসও ছিলেন। তাঁরা জানান, মৌলভীবাজারের হাসপাতালে রোগী নিয়ে এসেছিলেন তাঁরা। এখন ফিরে যাচ্ছেন। তাঁদের কাছে তাঁরা বড়লেখা, জুড়ী, দক্ষিণ ভাগ ও শাহবাজপুরের প্রথম আলো দিয়ে দিতে বলেন। তাহলে সকাল সকাল এলাকায় পত্রিকা পৌঁছে যাবে।’শুকুর মিয়া বলেন, ‘ওই লোকজন মুঠোফোনে গোপাল দেবের সঙ্গেও কথা বলিয়ে দেয়। এরপর তিনি তাদের কাছে প্রথম আলোর বান্ডিল দিয়ে দেন। কিন্তু নির্ধারিত সময়ে এজেন্ট পত্রিকা না পেয়ে খোঁজ করে। এরপর আমরা বুঝতে পারি, তারা প্রতারণা করে সব পত্রিকা নিয়ে গেছে।’গোপাল দেব প্রথম আলোকে বলেন, ‘প্রতারণা করে আমার নাম ভাঙিয়ে দারাদের লোকজন প্রথম আলোর বান্ডিল নিয়ে গেছে। আমি এ জন্য বড়লেখা থানায় জিডি করেছি।’ গোপাল দেব জানান, দ্রুত পত্রিকা নিয়ে আসবে বলে তাঁর এক হকার কয়েসকে কৌশলে মৌলভীবাজারে নিয়ে যান তিনজন লোক। কয়েস বিষয়টি বুঝতে পারেননি।