বড়লেখায় বাধা, যৌথ জরিপ হয়নি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের পাল্ল¬াথল এলাকায় চা-শ্রমিক ও আদিবাসী খাসিয়াদের বাধার মুখে আজ রোববার দুই দেশের যৌথ জরিপ হয়নি। ভারত বাংলাদেশের পাল্লাথল চা-বাগানের জায়গা নিয়ে যাবে—এই আশঙ্কায় চা-শ্রমিক ও আদিবাসী খাসিয়ারা বাংলাদেশের জরিপ দলকে কাজে অংশ নিতে দেয়নি। পরে জরিপ দল সেখান থেকে ফিরে যায়।স্থানীয় প্রশাসন জানায়, বাংলাদেশ ও ভারতের ধারাবাহিক যৌথ জরিপ কাজের অংশ হিসেবে সকালে জরিপ অধিদপ্তরের নিযুক্ত সার্ভেয়ার উপসহকারী সেটেলমেন্ট অফিসার ও চার্জ অফিসার আবদুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশের জরিপ দল পাল্ল¬াথল সীমান্ত এলাকায় পৌঁছে। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পর পাল্ল¬াথল চা-বাগানের শ্রমিক ও পান পুঞ্জির আদিবাসী খাসিয়ারা চা-বাগানের ফটকের কাছে যৌথ জরিপকাজে অংশ নিতে আসা বাংলাদেশের জরিপ দলকে বাধা দেয়। চা-শ্রমিক ও খাসিয়ারা বলেন, তাঁরা শুনেছেন, জরিপে পাল্ল¬াথল চা-বাগানের ২৯১ একর জায়গা ভারত নিয়ে যাবে এবং বাংলাদেশকে ৬৯ একর জমি দেবে। এ আশঙ্কায় প্রায় দেড় থেকে ২০০ শ্রমিক সমবেত হয়ে বাধা দেন।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) মাধ্যমে ভারতীয় জরিপ দলকে চা-শ্রমিকদের বাধা প্রদান ও বাধার কারণ জানিয়ে জরিপকাজে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়। ফলে আজ আর পূর্বনির্ধারিত জরিপকাজ সম্পন্ন হতে পারেনি। পরে বড়লেখা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জরিপ দলের সদস্যরা বেলা প্রায় দুইটা পর্যন্ত অবস্থান করে ঘটনাস্থল ছেড়ে চলে যান।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, চা-শ্রমিক ও খাসিয়ারা জরিপকাজে যেতে দেয়নি। তাই জরিপ হয়নি। তবে আর কোনো সমস্যা হয়নি।বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউইএনও) আশরাফুল মুমিন খান প্রথম আলোকে বলেন, চা-শ্রমিক ও খাসিয়ারা বাধা দেওয়ায় যৌথ জরিপকাজ হতে পারেনি।