বিদ্যুতের অভাবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শতাধিক চালকল বন্ধ হয়ে যাওয়ায় সরকারি গুদামে তিন হাজার মেট্রিক টন চাল সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। বেকার হয়ে পড়েছেন এসব চালকলের দুই হাজারেরও বেশি শ্রমিক। অভিযোগ উঠেছে, এই এলাকায় সারা দিনে ২১ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, সরবরাহ না বাড়লে পরিস্থিতির উন্নতি হবে না।১০ আগস্ট বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বিদ্যুতের সরবরাহ না থাকায় উপজেলার শতাধিক চালকল বন্ধ রয়েছে। ধানাইদহ-কয়েন বাজার চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মতিন বলেন, ‘প্রতিদিন অন্তত ২১ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বাকি তিন ঘণ্টাও বিদ্যুৎ একনাগাড় থাকে না। তাই চালকল বন্ধ করে শ্রমিকদের বিদায় করে দিয়েছি। এ ছাড়া আমার কোনো উপায় ছিল না।’ এভাবে প্রতিটি চালকলের মালিকেরা শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। সব মিলিয়ে উপজেলার দুই হাজারেরও বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাঁদের জন্য দুঃখ করা ছাড়া কিছুই করার নেই।ধানাইদহের স্বর্ণা রাইস মিলের শ্রমিক মজিবর রহমান বলেন, ‘বিদ্যুৎ না থাকায় মালিকরা কাজ দিতি পারছেন না। তাঁরা তো বসে বসে আমাদের বেতন দিবি না। ধারদেনা করি ছ্যালিপেলিক খাওয়াচ্ছি। কী করি চলব ভ্যাবি পাচ্ছিনি।’উপজেলার রাজাপুর চালকলের মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মোল্লা বলেন, ‘৩১ আগস্টের মধ্যে সরকারি গুদামে চাল সরবরাহ করার নির্দেশ রয়েছে। তা না করলে সরকার আমাদের লাইসেন্স বাতিল করতে পারে। কিন্তু বিদ্যুতের অভাবে চাল তৈরি করতে পারছি না। তাই চাল দেব কোথা থেকে।’তিনি আরও বলেন, ‘এখানকার (ধানাইদহ, কয়েন ও রাজাপুর) ৮০টি চালকল থেকে আমরা তিন হাজার ২০০ মেট্রিক টন চাল সরবরাহ করার চুক্তি করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে ন্যূনতম আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে আমরা ওই পরিমাণ চাল দিতে পারব না।’রাজাপুরের উত্তরা চালকলের মালিক আবদুর রাজ্জাক ও রহিমা চালকলের মালিক আমিরুল ইসলাম বলেন, ‘ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসায় খাটাচ্ছি। অথচ বিদ্যুতের কারণে ব্যবসা বন্ধ। এ অবস্থায় ঋণ পরিশোধ করা জুলুম হয়ে পড়েছে। এভাবে বেশি দিন চললে অন্য ব্যবসা শুরু করব।’নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ আবদুল কুদ্দুস ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নারী সাংসদ শেফালী মমতাজ ইতিমধ্যে নিজ নিজ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে চাহিদাপত্র (ডিও লেটার) পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর (বনপাড়া) মহাব্যবস্থাপক বেলাল উদ্দিন বলেন, ‘বড়াইগ্রাম ও লালপুর দেশের সবচেয়ে বেশি খরাপীড়িত এলাকা হওয়ায় এমনিতেই বিদ্যুতের চাহিদা বেশি। উপরন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় সেচকাজেও প্রচুর বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এ অবস্থায় সরবরাহ না বাড়লে আমাদের কিছুই করার নেই।’ তিনি বলেন, শুধু এখানকার চালকলের জন্য প্রতিদিন সাড়ে তিন মেগাওয়াট বিদ্যুৎ দরকার। অথচ পুরো সমিতির জন্য আমি পিডিবির কাছ থেকে প্রতিদিন চার থেকে পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ পাই। এর মধ্যে কাদিরাবাদ ক্যান্টনমেন্টে এক মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দিতে হয়। তাই পিডিবি থেকে আমাদের সরবরাহ বাড়ানো খুবই জরুরি।