বড়ি বেচে বড়লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি রসনার জন্য একটি সুস্বাদু খাবার ডালের বড়ি। কবি আবু জাফর ওবায়দুল্লাহর একটি বিখ্যাত কবিতায় ছেলে ফেরার অপেক্ষায় এক ব্যাকুল মা তার জন্য ডালের বড়ি শুকিয়ে রাখেন। এতে বোঝা যায় গ্রামীণ জীবনে ডালের বড়ির কদরটা। এমন অনেকেই আছে, পাতে শুধু ডালের বড়ি থাকলেই পেট পুরে ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে।ডালের বড়ির চাহিদা থাকে বছরজুড়েই। শীত মৌসুমে চাহিদা বাড়ে। এ সময় গ্রামগঞ্জের হাটবাজারে এই বড়ি বেশি দেখা যায়। শহরেও এখন এর জনপ্রিয়তা রয়েছে। ব্যাপক চাহিদা আছে বলেই এই বড়ি বানিয়ে বড়লোক বনেছে রংপুরের পীরগাছা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্যবর্তী পশ্চিম ফলগাছা গ্রামের মানুষ। সেখানে প্রায় দুই হাজার নারী-পুরুষ এই বড়ি তৈরি ও বিক্রি করে জীবিকা চালাচ্ছেন। ডালের বড়ি এখন তাঁদের জীবিকার নড়ি। আশ্বিন-কার্তিক মাসে কাজের অভাবে উত্তরাঞ্চলের গ্রামাঞ্চলে যখন অভাব দেখা দেয়, তখনো ওই গ্রামের মানুষ স্বচ্ছন্দে দিন কাটায়। ডালের বড়ির ব্যবসায় যিনি অগ্রপথিক হিসেবে অন্যদের পথ দেখিয়েছেন, তিনি রূপাসী বালা (৬৫)। তাঁর গুণেই ওই গ্রামটি এখন ‘মাষকলাইয়ের বড়ির গ্রাম’ নামে পরিচিত।বড়ি ঘোচাল দৈন্য: কুড়িগ্রামের উলিপুর উপজেলার জুম্মাহাট গ্রামের মেয়ে রূপাসী বালা। ১৯৬০ সালে পশ্চিম ফলগাছা গ্রামের দিনমজুর ক্ষিতীশ চন্দ্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। অনাহার-অর্ধাহারে দিন চলত তাঁদের। ১৯৮৫ সালে স্বামী মারা গেলে পাঁচ সন্তান নিয়ে বিপাকে পড়েন রূপাসী। অন্যের বাড়িতে ধান ভানার কাজ করে যে টাকা পেতেন, এতে সংসার চলত না মোটেও। আশ্বিন-কার্তিক মাসে স্রেফ শাকপাতা খেয়ে দিন কাটত তাঁদের। একপর্যায়ে দেবর ননী রায় তাঁকে মাষকলাইয়ের বড়ি বানিয়ে বিক্রি করার পরামর্শ দেন।১৯৯০ সালে রূপাসী বালা বাজার থেকে ১০ কেজি মাষকলাই কিনে এনে বড়ি বানিয়ে বিক্রি করেন। এতে ২০০ টাকা লাভ হয়। উত্সাহ পেয়ে রূপাসী বড়ি বিক্রির ব্যবসায় লেগে থাকেন। মাত্র এক বছরেই ব্যবসা জমে ওঠে। মুনাফার টাকায় তিনি দুটি গাভি, পাঁচটি ছাগল, হাঁস-মুরগি কিনে লালন-পালন শুরু করেন। এভাবে মুছে যেতে থাকে তাঁর সংসারের দৈন্য। বড়ি বিক্রির টাকায় রূপাসী বালা এর মধ্যে তিন ছেলেকে ঘর তুলে দিয়েছেন। কিনেছেন দুই একর আবাদি জমি। পুকুরে মাছ চাষ করছেন। বাড়িতে শাকসবজি ও ফলের বাগানও করেছেন। গরু-ছাগল ও হাঁস-মুরগিও বেড়েছে।তৈরি করার প্রণালী: রূপাসী বালা জানান, বাজার থেকে খোসা ছাড়ানো মাষকলাই এনে ১০ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়। ভেজানো মাষকলাই ঢেঁকিতে ভেনে লেই তৈরি করতে হয়। লেই পাত্রে নিয়ে ফেনিয়ে ফেনিয়ে বড়ি তৈরির উপযোগী করতে হয়। পরে হাতের সাহায্যে ছোট ছোট গুটি (বড়ি) বানিয়ে টিনের ওপর লাইন করে সাজাতে হয়। দু-তিন দিন রোদে শুকানোর পর বড়ি তুলে সংরক্ষণ ও বিক্রি করা হয়। একজনের পক্ষে দিনে চার কেজি বড়ি তৈরি করা সম্ভব।১০ কেজি মাষকলাইয়ে সাড়ে নয় কেজি বড়ি হয়। পাইকারেরা গ্রামে এসে বড়ি কিনে নিয়ে যায়। প্রতি কেজি বড়ি তৈরিতে ৬০-৬৫ টাকা খরচ হয়। বিক্রি হয় ১১০-১২৫ টাকায়। খরচ বাদে প্রতি কেজিতে লাভ হয় ৫০-৫৫ টাকা।বড়ির বাড়িতে একদিন: পীরগাছা উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে কান্দি ইউনিয়নের শেষ সীমান্তে সুন্দরগঞ্জের সীমানার কাছে পশ্চিম ফলগাছা গ্রাম। সম্প্রতি এক সকালে ওই গ্রামে গিয়ে অনেক নারী-পুরুষকে ডালের বড়ি তৈরিতে ব্যস্ত দেখা যায়। কেউ মাষকলাই ঢেঁকিতে ভানছেন, কেউ সদ্য তৈরি করা বড়ি রোদে শুকাচ্ছেন। বড়দের পাশাপাশি ছোটরাও বসে নেই।রূপাসী বালার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে তিনি বড়ি তৈরি করছেন। পুত্রবধূ, নাতি-নাতনিরা তাঁকে সহযোগিতা করছেন। কেউ কলাই ভানছেন, কেউ বড়ি তৈরি করছেন।অতীতের কষ্টের দিনগুলোর কথা এখনো ভোলেননি রূপাসী বালা। এ কারণে এ বয়সেও তিনি পরিশ্রম করেন। ঘরের কাজ ছাড়াও তিনি গ্রামে ঘুরে ঘুরে দুস্থ নারীদের বড়ি তৈরি করা শিখিয়ে স্বনির্ভর হতে সহযোগিতা করছেন। রূপাসী বালার ছেলের বউ সাধনা রানী ও সান্তা রানী বলেন, লোকজন যখন তাঁর শাশুড়ির প্রশংসা করে, তখন পুত্রবধূ হিসেবে তাঁরা গর্ববোধ করেন।রূপাসী বালার পথ ধরে: রূপাসী বালার পথ অনুসরণ করে যাঁরা সফল হয়েছেন, তাঁদের একজন শান্তা রানী (৪০)। স্বামী রবীন্দ্রর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটছিল তাঁর। রূপাসী বালার কাছ থেকে বড়ি তৈরির কৌশল শেখার পর প্রতি মাসে তাঁর গড়ে পাঁচ হাজার টাকা আয় হচ্ছে। সন্তানদের তিনি বিদ্যালয়ে দিয়েছেন, বাড়িতে টিনের ঘর তুলেছেন, চারটি গাভি, দুটি ছাগল ও ২০ শতাংশ জমি কিনেছেন।শারীরিক প্রতিবন্ধী স্বামী, দুই ছেলে, দুই মেয়ে নিয়ে পূর্ণিমা রানীর সংসার। ডালের বড়ি বিক্রির টাকায় তাঁর ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তিনিও টিনের ঘর তুলেছেন, জমি কিনেছেন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করছেন। একইভাবে রূপাসীর পথ ধরে সংসারের উন্নতি ঘটিয়েছেন সন্ধ্যা রানী, মালতী রানী, নীলা রানী, সাবিত্রী, পলী বালা, মনিকা রানী, লিপি রানীসহ অনেকেই।সুমী রানী কলেজে পড়ছেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি বড়ি তৈরি করেন। বিদ্যালয়ে পড়ার দিনগুলো খুব কষ্টে কেটেছে তাঁর। তখন প্রায়ই তাঁকে না খেয়ে বিদ্যালয়ে যেতে হতো। এখন দিন বদলেছে। পড়াশোনার খরচ তো চলছেই, বড়ি থেকে আয়ের টাকা তিনি সংসারেও দিচ্ছেন। একইভাবে বড়ি তৈরি করে পড়াশোনার খরচ চালাচ্ছে মায়া রানী, হেমন্ত বালাসহ অনেকে। দূরদূরান্তে যায় যেভাবে: পশ্চিম ফলগাছা গ্রামে বড়ি কিনতে আসা পাইকার মোমিন উদ্দিন বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং রাজধানী ঢাকাসহ সারা দেশে বড়ির ব্যাপক চাহিদা রয়েছে। ব্যবসায়ীদের মাধ্যমে দেশের শহর-বন্দরে ছড়িয়ে পড়ে পশ্চিম ফলগাছার বড়ি। পীরগাছা বাজারের বড়ি বিক্রেতা আতিয়ার রহমান, আবদুল হালিম ও হানিফ সরকার বলেন, মাষকলাইয়ের তৈরি বড়ি মাছ, মাংস, ফুলকপি, আলু, লাউসহ সব ধরনের ব্যঞ্জনে মানুষ খুব মজা করে খায়। হাটবাজারে এ বড়ি নিয়ে গেলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে।চৌধুরানী বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, শীতকালে বড়ির কদর বেড়ে যায়। বড়ি তৈরির কারিগরেরা এ সময় চাহিদামতো সরবরাহ দিতে পারেন না।কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম ও বামনডাঙ্গার ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, আগে ওই গ্রামের মানুষের কষ্টের শেষ ছিল না। এখন তারা বড়ি বিক্রি করে বেশ আয় করছে। এ ক্ষেত্রে রূপাসী বালা যেভাবে গ্রামের নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন, তা প্রশংসনীয়।পীরগাছা উপজেলার চেয়ারম্যান মাহাবুবার রহমান বলেন, রূপাসী বালা গ্রামের নারীদের যেভাবে জীবিকার পথ দেখাচ্ছেন, তা অন্য এলাকার অভাবী নারীদের জন্য একটি ভালো উদাহরণ।