বয়সকে হার মানিয়ে চলেছেন শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স বাড়লে নাকি খেলোয়াড়দের সামর্থ্য লোপ পায়। চারপাশে তাকালে এর প্রমাণও অহরহ মেলে। বয়সের কাছে হার মেনে তাই অবসরের ঘোষণা দেন অনেকেই। তবে বয়সই উল্টো হার মেনেছে শচীন টেন্ডুলকারের কাছে। বয়স ৩৭ হলেও তরুণদের চেয়ে পারফরম্যান্সের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই, বরং অনেকটাই এগিয়ে এই লিটল মাস্টার। সদ্য সমাপ্ত আইপিএলের তৃতীয় আসরে সর্বোচ্চ ৬১৮ রান করার সুবাদে সেরা ক্রিকেটারের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। একের পর এক কীর্তি গড়ে ক্রিকেটবিশ্বকে তিনি জানিয়ে যাচ্ছেন, বয়স কোনো বাধা নয়, অভিজ্ঞতা ও সামর্থ্যটাই আসল। ১৯৮৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয়েছিল শচীন টেন্ডুলকারের। বয়স তখন তাঁর মাত্র ১৬ বছর। বয়সের ভারে তাঁর সমসাময়িক প্রায় সব ক্রিকেটারই অবসর নিয়ে ফেলেছেন। কিন্তু শচীনের সেই তারুণ্য এতটুকু কমেনি। আর কমেনি বলেই বর্তমানের তরুণদের কণ্ঠেও শচীনের গুণমুগ্ধ বন্দনা।ভারতের তারকা অফ স্পিনার হরভজন সিংয়ের কথাই ধরা যাক। তিনি গুরু, দার্শনিক ও একজন ভালো বন্ধু হিসেবে দেখেন। তাঁর দৃষ্টিতে শচীন এখনো ১৭ বছরে যুবক! ভারতের শীর্ষ ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে ভাজ্জি বলেছেন, ‘শচীনের কাছে বয়স কেবলই একটা সংখ্যা। তরুণদের পেছনে ফেলে চলছেন তিনি। যত দিন যাচ্ছে তাঁর রানক্ষুধা বেড়েই চলছে।’ ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তো কৌতুক করে বলেই ফেললেন, শচীনের আগে তিনিই অবসরে চলে যাবেন। শচীনের প্রেরণা নিয়েই ক্রিকেট খেলছেন তিনি। কী নেই শচীন টেন্ডুলকারের ঝুলিতে! টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের কোটা অতিক্রম করেছেন, টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান তিনি। ওয়ানডেতে একমাত্র দ্বি-শতকটিও তাঁর। সেঞ্চুরির সংখ্যায় তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন অনেক আগেই। টেস্টে ১৬৬ ম্যাচে ৫৫.৫৬ গড়ে রান করেছেন ১৩ হাজার ৪৪৭। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২৪৮। সেঞ্চুরি রয়েছে ৪৭টি। ওয়ানডে ক্রিকেটে ৪৪২ ম্যাচে ৪৫ গড়ে সংগ্রহ ১৭ হাজার ৫৯৮। সেঞ্চুরি রয়েছে ৪৬টি। হালের টি-টোয়েন্টিতেও সমানভাবে সফল শচীন। ৪০ ম্যাচে ৩৯ গড়ে সংগ্রহ এক হাজার ৩৬৮। সর্বোচ্চ অপরাজিত ৮৯। ভারতের এ তারকা ব্যাটসম্যান বল হাতে ওয়ানডে ও টেস্টে শিকার করেছেন যথাক্রমে ১৫৪ ও ৪৪ উইকেট।শচীন কি অন্য গ্রহের কেউ নাকি? এ বয়সেও তাঁর রানক্ষুধা ও অধ্যবসায় দেখে বিস্মিত ক্রিকেট বোদ্ধারা এমন মন্তব্যই করেছেন। তিনি যেভাবে মাঠ মাতিয়ে রেখেছেন তাতে অবসর নেওয়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তিনিই বলেছেন, যত দিন সামর্থ্য আছে তত দিনই খেলে যাবেন। শচীন টেন্ডুলকারদের ক্রিকেট সামর্থ্য কখনো ফুরায় নাকি?