বয়সটাকে বুঝতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত পরিবারে বাবা-মা এবং সমাজের অন্য বয়স্করা কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক পরিবর্তনে তেমন গুরুত্ব দেন না; তাদের তথ্য প্রদান, সহায়তা দান ও নির্দেশনা দেওয়ার পরিবর্তে প্রায়ই বড়রা তাদের ভুল বোঝেন এবং তাদের সমস্যা হিসেবে চিহ্নিত করেন। ফলে সহজেই তারা বিপথে চলে যায়। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ কিশোর-কিশোরী রয়েছে। আর ১০ থেকে ১৯ বছর বয়সের এই কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হওয়ার এবং বিপথে যাওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশের পারিবারিক আইনে ছেলের বিয়ের বয়স ২১ ও মেয়ের ১৮ বছর নির্ধারণ করা হলেও এখনকার সময়ে মেয়েদের ১৮ বছরের নিচে বিয়ে হয়ে যাচ্ছে এবং সন্তান ধারণ করছে, যা তাদের শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে তাদের যোগ্যতা ও অধিকার আদায় নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য-সেবা শক্তিশালীকরণ (এআরএইচ) প্রকল্প কর্মসূচির আওতায় আনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (সিডা) অর্থায়নে এবং প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় এ প্রকল্পের মাঠপর্যায়ের কাজ শুরু হয় ২০০৮ সালের জানুয়ারিতে। গত ২১ মার্চ মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার আয়োজিত এআরএইচ প্রকল্প নেটওয়ার্কিং সভায় প্রকল্প সম্পর্কে বলছিলেন এর সিনিয়র কো-অর্ডিনেটর সেলিনা নেওয়াজ খান। এ সভায় আরও বক্তব্য দেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক এস এম মহিউদ্দিন কামাল, মিরপুর ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি আলী ইমাম আসাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, প্ল্যান বাংলাদেশ এআরএইচ প্রকল্পের ম্যানেজার তাহমিনা মির্জা। এ প্রকল্পের আওতাভুক্ত মিরপুরের ২ ও ৫ নম্বর ওয়ার্ড (ফেইজ আউট এরিয়া) এবং ৩ ও ১৫ নম্বর ওয়ার্ড (ফেইজ ইন) এলাকার হতদরিদ্র, মধ্যবিত্ত, পথশিশু, স্কুলগামী, নিরক্ষর, প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীদের দক্ষতা, প্রজননস্বাস্থ্যের উন্নয়ন এবং তাদের প্রজননস্বাস্থ্যের উন্নয়ন সংরক্ষিত সেবার মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।