সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের একটি সংগঠন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ওই সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনের সদস্যরা বলেন, সেশন জটের কারণে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করতে একজন শিক্ষার্থীর বয়স ২৭ থেকে ২৮ বছর পেরিয়ে যায়। বিসিএসের একটি নিয়োগ পুরোপুরি শেষ করতে এক বছরের বেশি সময় লাগে। তা ছাড়া বাংলাদেশে গড় আয়ু বেড়েছে। চাকরি থেকে অবসরের বয়সও দুই বছর বাড়ানো হয়েছে। এসব দিক বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করা যুক্তিযুক্ত বলে মনে করছেন তাঁরা।চলতি বছরের ১ ফেব্রুয়ারি স্পিকার জাতীয় সংসদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের সদস্যরা।