বয়সের কাছে হার মানেনি বিদ্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা একটি সাইনবোর্ড দেয়ালে ঝুলানো। এর মাঝের অংশ মরচে পড়ে নষ্ট হয়ে গেছে। কী লেখা আছে, সহজে পড়া যাবে না। ভবন দেখে বুঝতে হবে, এটি একটি বিদ্যালয়। আর সাইনবোর্ডটি বহন করছে প্রাচীনতার পরিচয়। এটি হলো রাজশাহীর বাগমারার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ঝাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানটি নানা সমস্যার মধ্য দিয়ে আজও টিকে রয়েছে। বয়স হলেও নুয়ে পড়েনি এটি।উপজেলার শেষ প্রান্তে অবস্থিত বিদ্যালয়টি। প্রতিষ্ঠানটি শতবর্ষ পার করে ১১৯ বছরে পা রেখেছে। ১৮৯১ সালে ঝাড়গ্রামের শেষ প্রান্তে ওই এলাকার শিক্ষানুরাগী মরহুম জবের আলী, তমিজ ও কবির আলীর প্রচেষ্টায় বিদ্যালয়টি স্থাপিত হয়। তাঁরাই বিদ্যালয়ের নামে জমি দান করে প্রতিষ্ঠানটি দাঁড় করান। তারপর থেকে আর পেছনে ফিরতে হয়নি প্রতিষ্ঠানটিকে। হাজার হাজার ছাত্রছাত্রী পার করে এখন বার্ধক্যে পৌঁছেছে বিদ্যালয়টি।তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির রয়েছে বেশ কিছু সমস্যা। এসব সমস্যা নিয়েই চলতে হচ্ছে তাকে। আগে পুরোনো ভবনে ক্লাস চললেও ছয় বছর আগে নতুন ভবন নির্মাণ করায় সে সমস্যা কেটে গেছে। এখন নতুন ভবনে চলে পাঠদান। সরেজমিনে দেখা যায়, তিনটি শ্রেণীকক্ষে চলছে পাঠদান। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্ধারিত কোনো পোশাক নেই। একেকজন একেক রকমের পোশাকে আছে শিক্ষার্থীরা। তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজনীন দিল আফরোজ জানান, তিনি চেষ্টা করেও স্কুল-ড্রেস চালু করতে পারেননি। তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষক-সল্পতা রয়েছে। সাতজন শিক্ষকের পদ থাকলেও রয়েছে পাঁচজন শিক্ষক। তিন শতাধিক শিক্ষার্থীদের সামলাতে হয় তাঁদের। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পদ শূন্য দীর্ঘদিন থেকে। এ পদ শূন্য থাকায় নানাবিধ সমস্যায় পড়তে হয়। বিদ্যালয়ের কোনো সীমানাপ্রাচীর না থাকাতেও সমস্যা হয় অনেক। এ ছাড়া বিদ্যুৎসংযোগ না থাকায় গরমের সময় ছাত্রছাত্রী ও শিক্ষকদের দুর্ভোগ পোহাতে হয়। সহকারী শিক্ষিকা সাবিবা ইলা জানান, গরমের সময় ক্লাসে থাকা সম্ভব হয় না। হাতপাখা দিয়ে বাতাস নিতে হয়।ঝাড়গ্রামের বাসিন্দা ও ঝিকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়েন উদ্দিন (৯০) জানান, তিনিও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। তাঁদের পূর্বপুরুষেরা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি এলাকায় আলো ছড়াচ্ছে। তিনি জানান, এই প্রতিষ্ঠানের অনেক ছাত্র দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন। অনেকেই সুশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছেন নিজস্ব কর্মক্ষেত্রে। বিদ্যালয়ের ফলাফলও খারাপ নয়। প্রতিবছর অনেক শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে প্রাথমিক বৃত্তি পেয়ে থাকে এ প্রতিষ্ঠান থেকে।তবে শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা জানান, আশপাশে আরও অনেক বিদ্যালয় থাকায় এখানে ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলক কম। শুধু ঝাড়গ্রামের ছাত্রছাত্রীরাই লেখা পড়া করে এখানে।ঝিকড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম জানান, প্রতিষ্ঠানটি এলাকায় দীর্ঘদিন ধরে আলো ছড়াচ্ছে। উপজেলার পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটির আলাদা গুরুত্ব দেওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, কিছু সমস্যা রয়েছে, তা সমাধানের চেষ্টা করা হবে। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের চেষ্টা করবেন বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা।