ছাত্রলীগের আগামীকাল রোববার শুরু হতে যাওয়া সম্মেলনকে কেন্দ্র করে পদের জন্য নেতা-কর্মীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ চলছে। নেতৃত্বের ব্যাপারে আগ্রহী ছাত্রনেতাদের সংখ্যাও চোখে পড়ার মতো। শুধু শীর্ষ দুই পদের জন্যই ফরম নিয়েছেন ২৬৩ জন। ছাত্রলীগের এবারের সম্মেলনের সবচেয়ে বড় প্রশ্ন নেতা নির্বাচনের জন্য বয়স নির্ধারণ।পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন। আগামীকাল রোববার ও এর পরের দিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের ২৭তম এই সম্মেলন। এখন পর্যন্ত ২৯ বছর বয়সীদের মধ্য থেকে নেতা নির্বাচনের ঘোষণায় অনেক অপরিচিত মুখও সভাপতি ও সাধারণ সম্পাদক হতে চেষ্টা চালাচ্ছেন। তবে কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলের নেতা-কর্মীরাই বেশি প্রার্থিতার ফরম কিনেছেন। এঁদের মধ্যে খুব কম জনই অতীতে রাজপথে ছিলেন। সম্মেলন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গতকাল প্রথম আলোকে জানান, সভাপতি পদে ৭৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৮৪ জন ফরম নিয়েছেন। এর বাইরে অন্যান্য পদের দাবিদার আছেন আরও কয়েক শ নেতা-কর্মী। তবে আজ শনিবার বেলা দুইটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক গতকাল প্রথম আলোকে জানান, গঠনতন্ত্রের ১১(ক) ধারা অনুযায়ী সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ হবে ২০১ সদস্যের। কিন্তু শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকই হতে চান ২৬৩ জন।নেতা-কর্মীদের অনেকে বলাবলি করছেন, জরুরি অবস্থার সময় ছাত্রলীগের মিছিল করার জন্য ২৫-৩০ জনের বেশি কর্মী খুঁজে পাওয়া যেত না। এখন সরকারি দল; তাই সবাই নেতা হওয়ার স্বপ্ন দেখছেন।ছাত্রলীগের এবারের সম্মেলনে ভোটের মাধ্যমে নির্বাচন হবে, নাকি নেতাদের মনোনীত করা হবে, তা নিয়ে অনিশ্চয়তায় আছেন নেতা-কর্মীরা। অভিযোগ উঠেছে, বর্তমান কমিটির শীর্ষস্থানীয় এক নেতা কোনো ধরনের ভোটাভুটি ছাড়াই কেবল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন জেলা কমিটি গঠন করেছেন। এখন তাঁর পছন্দেই প্রতিটি জেলার কাউন্সিলর বানানো হচ্ছে। এমনকি সম্মেলনের মাত্র কয়েক দিন আগেও নতুন নতুন কমিটি করে কাউন্সিলর বানানো হচ্ছে, যা গঠনতন্ত্র অনুযায়ী বৈধ নয়। কাজেই নির্বাচন হলেও হয়তো তাঁর পছন্দের নেতারাই নির্বাচিত হবেন।সংগঠন সূত্রে জানা গেছে, সম্মেলন সামনে রেখে চলছে শেষ মুহূর্তে বিভিন্ন জেলা কমিটি গঠন। এ ক্ষেত্রে নেতা নির্বাচন নিয়ে অতীতের মতোই অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে পদ পেতেও অর্থের লেনদেনের অভিযোগ উঠেছে।ময়মনসিংহ এলাকার একজন সাংসদ ৪ জুলাই অভিযোগ করেন, সম্প্রতি গোপনে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সভাপতি করা হয়েছে একজন বিবাহিত ব্যক্তিকে, যা গঠনতন্ত্রের পরিপন্থী। ওই সাংসদ ছাত্রলীগের দেখভালের দায়িত্বে নিয়োজিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্যকে চিঠি লিখে এ অভিযোগ করেন।ছাত্রলীগের এবারের সম্মেলনের সবচেয়ে বড় প্রশ্ন, নেতা নির্বাচনের জন্য বয়সসীমা। বয়সসীমা ২৯ থাকবে, নাকি তা বাড়ানো হবে, এ নিয়ে এখনো নেতা-কর্মীরা ধোঁয়াশায়। কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, দুই বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও পাঁচ বছর ধরে হচ্ছে না। কাজেই ২০০৬ সালে সর্বশেষ সম্মেলনে যাঁর বয়স ছিল ২৭, এখন তাঁর বয়স ৩২। এ ছাড়া জেলা কমিটিগুলো ২৯ বছরের নিয়মে করা হয়েছে। এ কারণে কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতাদের বয়স ৩০ থেকে ৩১ না হলে সংগঠনের শৃঙ্খলা ভেঙে পড়তে পারে বলে এ নেতারা মনে করেন। এ ব্যাপারে তাঁরা সরাসরি দলীয় সভানেত্রীর হস্তক্ষেপ চান।সংগঠনের অপেক্ষাকৃত জ্যেষ্ঠ নেতা-কর্মীরা যেমন চাইছেন ২৯-এর বাধা সরিয়ে দিতে, তেমনি তরুণতররাও চাইছেন ২৯ বহাল থাকুক।সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহসভাপতি প্রথম আলোকে বলেন, ‘এবারের সম্মেলনে যদি ২৯-এর নিচে বয়স ঠিক করা হয়, তাহলে ছাত্রলীগ সাংগঠনিকভাবে একেবারেই দুর্বল হয়ে যাবে।’বয়স নিয়ে উদ্বেগকে উড়িয়ে দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেছেন, মেধা, দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করেই এবারের সম্মেলনে নেতা নির্বাচন করা হবে।তবে কেন্দ্রীয় সভাপতির উল্লেখ করা এই মেধা, দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি নিয়ে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রশ্ন আছে। এক যুগ্ম সাধারণ সম্পাদক গতকাল প্রথম আলোর সঙ্গে আলাপে বলেন, ‘সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে সেই ভূত কে তাড়াবে।’ তাঁর মতে, এখন সর্বশেষ আশা আওয়ামী লীগের সভানেত্রী। তিনিই ছাত্রলীগকে বাঁচাতে পারেন। তাঁর মতে, বয়স ২৯ থাকুক বা না থাকুক, অতীতে দলের প্রয়োজনে ছিলেন এবং ভবিষ্যতেও সংগঠন চালাতে পারবেন, এমন নেতৃত্ব আনা উচিত।