বয়স্ক ভাতা তুলতে এত ভোগান্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তাঁর ধৈর্য্য দেবী (৭০)। বাড়ি উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুঁইয়াগাতী গ্রামে। স্বামী বিমল চন্দ্র দাস মারা গেছেন স্বাধীনতা-পরবর্তী সময়ে। দুঃখে-কষ্টে ছেলেমেয়েদের বড় করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বছর তিনেক আগে তাঁকে একটি বয়স্ক ভাতার কার্ড দিয়েছেন। বয়স্ক ভাতার টাকা নেওয়ার দিন তাঁকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তিনি জানান, সকালবেলা বাড়ি থেকে কিছু মুখে দিয়ে ব্যাংকে আসি। সারা দিন বসে থাকতে হয়। টাকা নিয়ে বাড়িতে যখন পৌঁছি, তখন সন্ধ্যা হয়। সরকার যদি টাকা নেওয়ার ব্যবস্থা কাছাকাছি কোথাও করে তবে খুব ভালো হয়। বয়স্ক ভাতার টাকা তুলতে এসে এ রকম নানা ভোগান্তিতে পড়েন উপজেলার দুই হাজার ৫০০ দুস্থ নারী। ১০ জানুয়ারি উপজেলার সোনালী ব্যাংক ধানগড়া শাখায় ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ধানগড়া, ধামাইনগর, সোনাখাড়া, ঘুড়কা, ব্রহ্মগাছা, পাঙ্গাসী ও ধুবিল এবং রায়গঞ্জ পৌরসভার এসব দুস্থ মানুষকে একই দিন ব্যাংকের একটি মাত্র শাখা থেকে বয়স্ক ও বিধবা ভাতার টাকা দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়। উপজেলা সদর থেকে ৩০-৩৫ কিলোমিটার দূরের এসব বয়স্ক দুস্থ মানুষ অনেক কষ্ট স্বীকার করে এবং টাকা খরচ করে কার্ডের টাকা তুলতে আসেন। এখানে নেই তাঁদের বসার কোনো ব্যবস্থা, নেই প্রাকৃতিক কাজ সারার কোনো ব্যবস্থা। রোদ-বৃষ্টি আর শীত উপেক্ষা করে তাঁদের এখানে খোলা আকাশের নিচে বসে থাকতে হয়। ধানগড়া ইউনিয়নের চরতেলিজানা গ্রামের সাজিরন নেসা (৭০) বলেন, ‘টেহার লাইগা বিয়ান বেলা আইছি, কুন সময় যামু আল্লায়ই জানে।’ তাঁর বাড়ি থেকে যেতে-আসতে ৪০ টাকা খরচ হয় বলে জানান তিনি। ধামাইনগর ইউনিয়নের আন্দ্রা গ্রামের মরিয়ম বেওয়া (৬৫) বলেন, ‘দেরি হওয়ার কারণে আমাকে আজ টাকা দিতে চায় নাই। পরে চেয়ারম্যান ফোন করায় দিয়েছে।’ সোনালী ব্যাংক ধানগড়া শাখার একটি সূত্র জানায়, সরকারি নির্দেশ অনুযায়ী উপজেলার এই ব্যাংক থেকে সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার দুই হাজার ৫০০ দুস্থ নারীকে ভাতা প্রদান করা হয়। একই দিন না এসে বিভিন্ন দিনে এলে তাঁদের এ টাকা দেওয়া হবে। সোনালী ব্যাংক ধানগড়া শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, ‘একই দিনে বিপুলসংখ্যক গ্রাহক ব্যাংকে আসায় কিছুটা ঝামেলায় পড়ি। তার পরেও তাঁদের ঠিকমতো বিদায় করার ব্যবস্থা করা হয়।’ রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল আহাদ বলেন, চান্দাইকোনা ও নলকা ইউনিয়নের মতো অন্য ইউনিয়নের দুস্থ মানুষদের ভাতা ওই সব ইউনিয়নে অবস্থিত ব্যাংকগুলো থেকে দেওয়ার ব্যবস্থা করা যায় কি না উদ্যোগ নেওয়া হবে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, দুস্থ এসব মানুষের কথা বিবেচনা করে ভালো একটি উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।