বয়স্ক-ভাতার কার্ড না পাওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় টাকা দেওয়ার পরও বয়স্ক-ভাতার কার্ড না পাওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।গুরুতর আহত তৈয়ব (৪৯), সালাম (৩২) মাহাবুর (২৫), মাহবুবুর রহমান (৩৫), কাদির (৩৮), হেলাল (৩৫), সাইদ (৫৫), ইকবাল (২৫), ফারুক (২৯) ও দেলোয়ারকে (২৮) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের পরিষদে সংরক্ষিত আসনের সদস্য লাইলী খাতুনের স্বামী কালিকাপুর গ্রামের মকছেদ আলী বয়স্ক-ভাতার কার্ড দেওয়ার কথা বলে একই গ্রামের ফরিদা, সাইদ, শমসের, শুকুর, হাকিম ও রমিছার কাছ থেকে আড়াই থেকে তিন হাজার টাকা করে নেন।তাঁদের নাম তালিকাভুক্ত না হওয়ায় আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাইদ আলী টাকা ফেরত নেওয়ার জন্য মকছেদ আলীর বাড়িতে যান। কিন্তু মকছেদ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে মকছেদ আলীর লোকজন সাইদ আলীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সাইদকে রক্ষায় হেলাল ও কাদির নামের দুই ব্যক্তি এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়।পরে এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের একপর্যায়ে মকছেদ আলীর লোকজন পালিয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।এ সময় গাফফার, রুপচান, ইসমাইল ও এনামুলের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা করা হয়।এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এখন পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।