বয়স্ক মা-বাবার ভরণ-পোষণে আইন করার নির্দেশ কেন নয়
সন্তানেরা যাতে বয়স্ক মা-বাবার ভরণ-পোষণ দেয়, সে বিষয়ে প্রয়োজনে আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এই রুল জারি করেন। আইনসচিব ও সমাজকল্যাণসচিবকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।সন্তানেরা যাতে তাদের বয়স্ক মা-বাবাদের ভরণ-পোষণ করে, সে জন্য আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে মঙ্গলবার গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল জাহিদ মুকুল রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।পরে ফরিদুজ্জামান ফরহাদ প্রথম আলো অনলাইনকে বলেন, মা-বাবা বয়স্ক অবস্থায় অসহায় হয়ে পড়েন। সাধারণত সে সময় তাঁদের নিজস্ব কোনো আয় থাকে না। সন্তানদের আয়ের ওপর তাঁরা নির্ভরশীল হয়ে পড়েন। তাঁদের ভরণ-পোষণের জন্য আইন প্রণয়ের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। আদালত রুল জারি করেছেন।