বয়স্ক হাজিদের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা
জামারায় (শয়তানকে পাথর মারার স্থান) পাথর মেরে হাজিদের পশু কোরবানির প্রস্তুতি নিতে হয়। অধিকাংশ হাজি নিজে বা বিশ্বস্ত লোক দিয়ে মুস্তাহালাকায় (পশুর হাট ও জবাই করার স্থান) গিয়ে কোরবানি দেন। কেউ কেউ ইসলামী উন্নয়ন ব্যাংকে (আইডিবি) ৪১০ রিয়াল জমা দিয়ে কোরবানি দেন। পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে আসা বয়স্ক হাজিরা এসব বিষয়ে তেমন বোঝেন না। আর এরই সুযোগ নেন প্রবাসী কিছু বাংলাদেশি। কোরবানিতে সহায়তার নাম করে তাঁরা বয়স্ক হাজিদের কাছ থেকে অর্থ নিয়ে কোরবানি না দিয়ে অর্থ মেরে দেন। কেউ কেউ কয়েকজন হাজির কাছ থেকে অর্থ নিলেও দু-তিনটি পশু কোরবানি দেন।সৌদি আরবের মক্কায় পশু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত কয়েকজন বাংলাদেশি এবং সেখানে বসবাসরত আরও কয়েকজন এমন প্রতারণা হওয়ার কথা জানান। তাঁরা বলেন, হজের সময় মক্কার প্রায় প্রতি বাড়িতে ১০০ জনের মতো হাজি থাকেন। কিছু বাংলাদেশি দেশ থেকে আসা বয়স্ক হাজিদের সঙ্গে এমন প্রতারণা করেন। এঁরা প্রথমে ‘দেশের বাড়ি’ (নিজ জেলা) থেকে আসা বয়স্ক হাজিদের খুঁজে বের করে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়েন। হাজিদের বোঝান, ব্যাংকে অর্থ জমা দিয়ে কোরবানি দিলে ওই কোরবানি কখন হবে, কী হবে, তা তিনি জানতেও পারবেন না। কিন্তু তাঁদের দায়িত্ব দিলে তাঁরা কম খরচে (৩০০ রিয়াল) ও সহজে কোরবানি করে দেবেন। বেশিসংখ্যক হাজি পেলে ২৮০ রিয়ালও নেন তাঁরা। সহজ-সরল বয়স্ক হাজিরা নিজ এলাকার লোক হওয়ায় তাঁদের বিশ্বাস করে কোরবানির দায়িত্ব দেন। কিন্তু তাঁরা বুঝতেও পারেন না, প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। এ ব্যাপারে হাজিদের সতর্ক হতে হবে।মক্কায় পশু ব্যবসার সঙ্গে জড়িত বাবুল জানান, হাজিরা মক্কার অদূরে মিনায় হজের অন্যান্য কাজ সারতে ব্যস্ত থাকেন। তাঁরা কোরবানির খবর নিতে পারেন না। তাঁদের কাছ থেকে কোরবানির জন্য অর্থ নেওয়া ব্যক্তি বা ব্যক্তিরা দু-তিনটি ছাগল কোরবানির দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে এনে তাঁদের দেখান, যাতে তাঁরা সন্দেহ করতে না পারেন। হাজিদের কেউ কেউ সত্যতা যাচাইয়ের জন্য কোরবানি করার জায়গায় গেলে তাঁদের সামনে দু-একটি ছাগল জবাই করা হয়। ওই কোরবানি কিন্তু তাঁদের জন্য নয়।কয়েকজন জানান, কিছু বাংলাদেশি আছেন, যাঁরা হজের মৌসুমে শুধু কোরবানির কাজের আয় দিয়ে সারা বছর চলেন এবং দেশেও অর্থ পাঠান। পশু ব্যবসার সঙ্গে জড়িত জাহাঙ্গীর জানান, আবার কিছু বাংলাদেশি আগেই কম দামে পশু কিনে হজের সময় বেশি দামে বিক্রি করেন। এ ছাড়া কেউ কেউ পশু নির্বাচন, কেনাবেচা, জবাই ইত্যাদি কাজে হাজিদের সহায়তা করে বিনিময়ে অর্থ নেন। কোরবানির কাজ করে কেউ কেউ তিন-চার হাজার রিয়ালও আয় করেন।১৮ বছর ধরে মক্কায় বসবাস করা মাকসুদ সেলিম বলেন, ভাগ্য ফেরাতে সৌদি আরবে এসে অনেকে ভালো কাজ পাননি। গরিব মা-বাবা হয়তো জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। তাই দেশেও ফিরতে পারেন না। আকামা (কাজের অনুমতিপত্র) নবায়ন করতে কফিলকে (স্পনসর) দিতে হয় ন্যূনতম তিন-চার হাজার রিয়াল। এই অর্থ জোগাড় করতেও কেউ কেউ কোরবানি দেওয়ার কথা বলে অর্থ নিয়ে প্রতারণা করেন। অথচ ৪১০ রিয়াল দিয়ে কুপন কিনলেই ইসলামী উন্নয়ন ব্যাংকের তত্ত্বাবধানে কোরবানি দেওয়া যায়।প্রতিদিন হাজিদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় www.hajj.gov.bd ঠিকানায়।জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বুধবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭০ হাজার ৭৬২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।