ভগবানই আমার পাথেয়: সঞ্জয় দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের শক্তিশালী অভিনেতা সঞ্জয় দত্ত। গত ২০ বছরে তাঁর অভিনীত অনেকগুলো চলচ্চিত্র বাজার মাতিয়েছে। কিন্তু এ সময়ে একটি দুঃস্বপ্ন তাঁকে তাড়া করে ফিরেছে। তা হলো, তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ক্রমিক বোমা হামলার পর তাঁর কাছে অবৈধ অস্ত্র খুঁজে পায় পুলিশ। অবশ্য হামলার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল না, তা প্রমাণিত হয়েছে। ১৯৯৩ সালের ১৯ এপ্রিলে মুম্বাই বিমানবন্দর থেকে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা সঞ্জয় দত্তকে আটক করে। তাঁর বাড়ি থেকে একে-৫৬ রাইফেল, একটি ৯ এমএম পিস্তলসহ আরও কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের অভিযোগ, মুম্বাই বিস্ফোরণের ঠিক আগে এ অস্ত্রগুলি চোরা পথে ভারতে পাচার করা হয়েছিল। ২৮ এপ্রিল নিজের অপরাধ স্বীকার করেন এই সুপারস্টার। ১৯৯৪ সালের ৪ জুলাই বিশেষ আদালত (টাডা) তাঁর জামিন খারিজ করে দেন এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। ছয় বছরের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। ২০ নভেম্বর নিজের স্বীকারোক্তি প্রত্যাহার করেন সঞ্জয়। ১৬ মাস জেল খাটার পর ১৯৯৫ সালের ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা একটি চিঠির ভিত্তিতে তাঁকে জামিন দেন আদালত। ২০০৭ সালে আবার গ্রেপ্তার হয়ে পরে জামিন পান এ অভিনেতা। আজ আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশও দেন সুপ্রিম কোর্ট। তবে, যেহেতু তিনি এর আগে ১৮ মাস জেল খেটেছেন, তাই তাঁকে এখন তিন বছরের কিছু বেশি দিন জেলে কাটাতে হবে। তবে সঞ্জয়ের এই সাজায় আরও অনেকে সাজা পাবেন। তিনি অনিশ্চিত করে গেলেন সাত ছবির ভবিষ্যত্। অনেক বিনিয়োগকারীর ভবিষ্যত্ও অন্ধকার হতে বসেছে। জি-নিউজ বলছে, শীর্ষ আদালতের শাস্তি ঘোষণার সময় মোট তিনটি ছবির শুটিং করছিলেন সঞ্জয়। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে আরও চারটি ছবি। ‘শের’, ‘জঞ্জির’ ও ‘উঙ্গলি’ এ তিনটি ছবির শুটিং মাঝপথে ফেলেই জেলে যেতে হবে এ অভিনেতাকে। সঞ্জয়ের হাতে রয়েছে ‘পুলিশগিরি’, ‘পিকে’, ‘ঘনচক্কর’ ও ‘মুন্নাভাই চলে দিল্লি’।এই সবকটি ছবিই ২০১৪ সালের মধ্যেই মুক্তি পাওয়ার কথা ছিল।সঞ্জয়ের বিবৃতিআদালতের রায়ের পর সঞ্জয় দত্ত তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে এক বিবৃতিতে দিয়েছেন। এ বিবৃতিতে তিনি লেখেন: ‘আমি ইতিমধ্যে ২০ বছরের যন্ত্রণা ভোগ করেছি আর জেলে কাটিয়েছি ১৮ মাস। যদি তাঁরা চান আমার আরও সাজা হওয়া উচিত, তবে আমি তা মেনে নেব।আমার হূদয় ভেঙে গেছে, কারণ আজ থেকে আমার সঙ্গে আমার তিনটি সন্তান, স্ত্রী ও পরিবারও সাজা ভোগ করবে। বিচার-ব্যবস্থার প্রতি আমি সব সময়ই শ্রদ্ধাশীল ছিলাম। আর অশ্রুসিক্ত নয়নে হলেও তা করতেই থাকব। আমি আমার সবগুলো চলচ্চিত্র শেষ করব এবং কারও ক্ষতি হতে দেব না। আমার ভক্ত, চলচ্চিত্রশিল্পের লোক, গণমাধ্যমের কর্মী ও শুভানুধ্যায়ীদের সহমর্মিতায় অভিভূত।আমি বিশ্বাস করি, আমি সব সময় ভালো মানুষ ছিলাম। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, দেশের প্রতি ছিলাম অনুগত। আমার পরিবার ঠিক এ মুহূর্তে অনেক আবেগী। তাঁদের জন্যই আমাকে শক্ত হতে হবে। আমি ভেঙে পড়ছি, আবেগ আর ধরে রাখতে পারছি না। সবার সঙ্গে দেখা করতে পারলাম না বলে আমি দুঃখিত। ভগবান মহান আর তিনিই আমার পাথেয়।’