ভঙ্গুর শিপইয়ার্ডকে লাভজনক করেছি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খুলনার শিপইয়ার্ড বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিল। সেখানে আমরাই তা আবার চালু করে নতুন ইতিহাস সৃষ্টি করেছি। ভঙ্গুর শিপইয়ার্ড আজ লাভজনক প্রতিষ্ঠান।’আজ বৃহস্পতিবার খুলনার সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি খুলনা শিপইয়ার্ডে নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যুদ্ধজাহাজ বিএনএস পদ্মার কমিশনিং অনুষ্ঠানে ভাষণ দেন। তিতুমীর নৌঘাঁটিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।খুলনা শিপইয়ার্ডে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভবিষ্যত্ প্রজন্মের জন্য একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গঠন করব। এটি আমাদের জলসীমায় যুদ্ধের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।’ জাতি গঠন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য নৌবাহিনীর প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিগত অর্থবছরে নৌবাহিনীর জন্য তিনটি জাহাজ কেনা হয়েছে। একই সঙ্গে জাহাজবিধ্বংসী নতুন ক্ষেপণাস্ত্র সংযোজনের মাধ্যমে কিছু মিসাইল বোট ও জাহাজের আধুনিকায়ন এবং দেশের জলসীমায় সন্ত্রাস মোকাবিলায় নৌ-স্পেশাল ফোর্স সোয়ার্ডস গঠন করা হয়েছে।’নৌঘাঁটিতে পৌঁছানোর পরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ ও কমোডর, কমান্ডিং খুলনার কমোডর এম এ রাজীব। পরে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন।কমিশনিং অনুষ্ঠানে শেখ হাসিনা জাহাজটির কমান্ডার শফিউল আজমের হাতে কমিশনিং ওয়ারেন্ট তুলে দেন। তিনি জাহাজটি পরিদর্শনও করেন।নবনির্মিত যুদ্ধজাহাজ নবনির্মিত পদ্মা দৈর্ঘ্যে ৫০ মিটার এবং প্রস্থে সাড়ে ৭ মিটার। জাহাজটিতে স্থল ও আকাশ থেকে আক্রমণ প্রতিরোধে চারটি ৩৭ মিলিমিটার এবং দুটি ২০ এমএম কামান সংযুক্ত হয়েছে। জাহাজটি ঘণ্টায় ৪৪ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এ ছাড়া কার্যকরভাবে শত্রুর অনুপ্রবেশ প্রতিরোধে জাহাজটির সাগর ও নদীতে মাইন স্থাপনের ক্ষমতা রয়েছে। শান্তির সময় জাহাজটি খুলনা নৌবাহিনী কমান্ডের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় সুন্দরবন ও তত্সংলগ্ন সমুদ্র এলাকায় নিরাপত্তা টহলে নিয়োজিত থাকবে। মন্ত্রিসভার সদস্য ও জাতীয় সংসদের সদস্যরা, কূটনীতিক, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য খুলনার সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। আর বিএনপি ক্ষমতায় এলে যুদ্ধাপরাধী রাজাকার ও জঙ্গিদের দাপটে মানুষ দিশেহারা থাকে।শেখ হাসিনা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলো, কাজের অভাব হবে না।’ তিনি বলেন, ‘আমরা দেশে-বিদেশে ৭৮ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমাদের দেশ এখন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিগত সময় আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম গত চার বছরে তার চেয়ে অনেক বেশিই করেছি।’ তিনি বলেন, ‘বিএনপির সময় খুলনার বন্ধ কল-কারখানাগুলো আমরা একে এক চালু করেছি। আজই (বৃহস্পতিবার) দৌলতপুর জুট মিলটি চালু করেছি। খুলনায় এক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে।’ শেখ হাসিনা আরও বলেন, ‘এর মধ্যে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় হয়েছে। আপনারা আমাদের পাশে দাঁড়ান, আগামীতে এক এক করে সব যুদ্ধাপরাধীর বিচার হবে।’ জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ প্রমুখ। ফেব্রুয়ারিতে পদ্মা সেতুর কাজ শুরুপ্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর পেছনে সরকার ১৪০০ কোটি টাকার প্রস্তুতিমূলক কাজ করেছে। মূল সেতুর নির্মাণকাজ আগামী ফেব্রুয়ারি মাসেই প্রধানমন্ত্রী শুরু করবেন বলে তিনি জানান।