ভণ্ড পীর আবার রিমান্ডে, অন্য আসামিরা গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ভণ্ড পীর আমজাদ হোসেনকে গতকাল মঙ্গলবার আবার এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে অন্য একটি মামলায় তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।পুলিশ বাদী হয়ে করা মামলায় গতকাল আমজাদকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাবিবুর রহমানের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় অপর তিন আসামি নুরু মেম্বার, ইলিয়াস মাদবর ও আবুল কালামের জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন।আদালত সূত্রে জানা যায়, ভণ্ড পীর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। অন্য দুটি মামলার বাদী হচ্ছেন ভুক্তভোগী নীপা ও দীপার মা পুষ্পরানী এবং জরিনা বেগমের ছেলে এনামুল হক। প্রতিটি মামলায় ভণ্ড পীরসহ ১৬ জনকে আসামি করা হয়।ভণ্ড পীরের অবৈজ্ঞানিক ও অমানবিক চিকিৎসার ঘটনায় মামলা করার আট দিন পরও বাকি আসামিদের একজনকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।সিরাজদিখান থানার ওসি মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘অন্য আসামিদের ধরার চেষ্টা করছি। তাদের পাওয়া যাচ্ছে না।’ মামলাটি নারী ও শিশু নির্যাতন আইনে না করার বিষয়ে তিনি বলেন, যৌন-সম্পর্কিত বা যৌতুকের কারণে স্ত্রীকে নির্যাতন করলে এমন মামলা হতে হবে। এটা তো এমন ঘটনা নয়, তাই এটা নারী ও শিশু নির্যাতন আইনে যাবে না।