ভণ্ড পীর রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ভণ্ড পীর আমজাদ হোসেন ও তাঁর তিন সহযোগীকে আজ মঙ্গলবার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।সরকারপক্ষে কোর্ট দারোগা প্রদীপ কুমার আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার দাবি জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।ভণ্ড পীর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন। এই নিয়ে তাঁদের বিরুদ্ধে তিনটি মামলা হলো।এদিকে পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে গত সোমবার রাতভর পুলিশ অভিযান চালায়। তবে অন্য কাউকে গ্রেপ্তার করা যায়নি। পীরের আস্তানায় চিকিত্সাকাজে ব্যবহূত মালামাল জব্দ করতে আজ সন্ধ্যায় পুলিশ সেখানে গেছে।পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ভণ্ড পীর আমজাদ হোসেন, তাঁর সহযোগী নুরু মেম্বার, ইলিয়াস মাতবর ও আবুল কালামকে আজ দুপুর ১২টার দিকে সিরাজদিখান থানা থেকে আদালতে আনা হয়। বেলা আড়াইটার দিকে তাঁদের আমলি আদালত-২-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাবিবুর রহমানের কাছে যাওয়া হয়। ভণ্ড পীরকে দেখতে এ সময় আদালত চত্বরে ভিড় জমে যায়।আসামিপক্ষের আইনজীবী শফিউদ্দিন আহমেদ রিমান্ডের বিরোধিতা করেন এবং আসামিদের জামিন প্রার্থনা করেন।জানা গেছে, ভণ্ড পীরসংক্রান্ত ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের দল এখনো তাদের তদন্ত প্রতিবেদন দেয়নি। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসানুল ইসলাম প্রথম আলোকে জানান, তদন্তকাজ চলছে। প্রয়োজনে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির আবেদন করা হতে পারে।এদিকে, ভণ্ড পীর আমজাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সিগঞ্জে শিশুভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) শিশুরা আজ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে।