ভণ্ড পীরের পক্ষে পিপিসহ ১৫ আইনজীবী
মুন্সিগঞ্জের ভণ্ড পীর আমজাদ হোসেন ও তাঁর সহযোগী নুরু মেম্বার, ইলিয়াস মাদবর ও আবুল কালামকে গতকাল রোববার আদালতে হাজির করে জামিন চাওয়া হয়। আদালত জামিন নামঞ্জুর করেন। বিপজ্জনক ও অবৈজ্ঞানিক কায়দায় চিকিৎসা দেওয়ার দায়ে গ্রেপ্তার হওয়া এই ভণ্ড পীরের পক্ষে ১৫ জন আইনজীবী শুনানিতে অংশ নেন। তাঁদের মধ্যে সরকারি আইনজীবী (এপিপি) ছিলেন তিনজন। আইনজীবীরা হলেন আর্শেদ উদ্দিন চৌধুরী, সুভাষ নন্দী, শফিউদ্দিন আহমেদ, এপিপি আবদুল জব্বার, এপিপি শিল্পী আক্তার, এপিপি আনোয়ার হোসেন প্রমুখ।মুন্সিগঞ্জ বারের এক আইনজীবী বলেন, ‘এই মামলায় (৩০৭ ধারা, হত্যার চেষ্টা) এপিপিরা দাঁড়াতে পারেন না। কারণ, এ মামলা যখন চার্জশিটের (অভিযোগপত্র) পরে শুনানিতে যাবে, তখন এই এপিপিদেরই সরকারের পক্ষে দাঁড়াতে হবে। আর এখন তাঁরা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’ এর আগে নিজের দেওয়া বক্তব্য প্রসঙ্গে পিপি আবদুল মতিন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমজাদ শুধু ঝাড়ফুঁক দেয়। সে যেভাবে বাচ্চাদের চিকিৎসা দেয় বলে বলা হয়েছে, তা সেভাবে দেয় না।’এপিপি আবদুল জাব্বার প্রথম আলোকে বলেন, ‘আসলে এপিপিরা সরকারি মামলার পাশাপাশি কিছু মামলায় দাঁড়ান। এটা অনেক জায়গায় হয়।’ বিচারের শুনানিতে সরকার পক্ষে কী করে দাঁড়াবেন জানতে চাইলে বলেন, ‘তখন মামলা আমার কাছে নাও তো পড়তে পারে।’শিশু দীপা ও নীপা এবং মানসিক ভারসাম্যহীন জরিনাসহ অনেক নারী ও শিশু চিকিৎসার নামে নির্যাতনের ঘটনায় এ মামলা হলেও নারী ও শিশু নির্যাতন আইনে কোনো অভিযোগ আনা হয়নি। আইনজীবী নাসিমা আক্তার বলেন, ‘এই ঘটনায় নারী ও শিশু আইনে মামলা হলে ভালো হতো। কেন হলো না, বুঝলাম না।’